Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

বাজপাখিকে মদ খাইয়ে জেলে গেল এক মার্কিনি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪

বাজপাখিকে মদ খাইয়ে জেলে গেল এক মার্কিনি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি সংরক্ষিত বাজপাখিকে জোরপূর্বক অ্যালকোহল বা মদ্যপান করানোর অপরাধে এক ব্যক্তিকে ৪৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। বন্যপ্রাণীর প্রতি অমানবিক ও নিষ্ঠুর আচরণ করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই সাজা ঘোষণা করা হয়। দণ্ডিত ব্যক্তির নাম সিজার গুস্তাভো দিয়াজ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে এই চাঞ্চল্যকর খবরটি প্রকাশিত হয়। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দিয়াজ লস অ্যাঞ্জেলেস কাউন্টির সাউথ হুইটিয়ারের একটি পার্কে এই ন্যক্কারজনক কাণ্ড ঘটান।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দিয়াজ পার্কের একটি ‘জুভেনাইল কুপারস হক’ প্রজাতির বাজপাখিকে ধরে সেটির মুখে একটি সবুজ ক্যান থেকে তরল মদ্যপান করাচ্ছেন। এই প্রজাতির বাজপাখি যুক্তরাষ্ট্রে সংরক্ষিত বন্যপ্রাণীর অন্তর্ভুক্ত। বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ জানিয়েছে, বন্য পাখিকে এভাবে মদ্যপান করানো কেবল নিষ্ঠুরতা নয়, বরং এটি তাদের প্রাণের জন্যও হুমকিস্বরূপ। দিয়াজের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড ছিল। এবারের ঘটনায় তার বিরুদ্ধে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা এবং অবৈধভাবে বন্যপ্রাণী ধরা বা আটকে রাখার অভিযোগ আনা হয়।

আদালত এই মামলায় দিয়াজকে বেশ কড়া শাস্তির মুখে ফেলেছেন। ৪৫ দিনের কারাদণ্ডের পাশাপাশি তাকে ১২ মাসের সংক্ষিপ্ত প্রবেশন বা পর্যবেক্ষণে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী পাঁচ বছরের জন্য তিনি কোনো প্রাণী লালন-পালন করতে পারবেন না এবং পরবর্তী ১০ বছরের জন্য তার ওপর আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ভালো আচরণের কারণে দিয়াজ ইতোমধ্যে তার সাজার বড় অংশটি ভোগ করেছেন, তবে তাকে আদালতের অন্যান্য নির্দেশনাসমূহ কঠোরভাবে পালন করতে হবে।

কারাদণ্ড ছাড়াও দণ্ডিত দিয়াজকে ২২০ ডলার জরিমানা দিতে হবে। এছাড়া শাস্তির অংশ হিসেবে তাকে নির্দিষ্ট মেয়াদে কমিউনিটি সেবায় অংশ নিতে হবে এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বিষয়ক একটি পরামর্শমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে। এই রায়ের মাধ্যমে আদালত এটিই স্পষ্ট করেছেন, বন্যপ্রাণীর সঙ্গে যে কোনো ধরনের অমানবিক আচরণ আইনত দণ্ডনীয় অপরাধ। ক্যালিফোর্নিয়ার বন ও বন্যপ্রাণী বিভাগ সাধারণ মানুষকে বন্যপ্রাণীর প্রতি সংবেদনশীল হতে এবং এ ধরনের কোনো অপরাধ দেখলে তাৎক্ষণিক কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানিয়েছে।

Logo