Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

৪০ দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬

৪০ দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব

সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (SFDA) জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বড় পদক্ষেপ নিয়েছে। তারা ঘোষণা করেছে, ৪০ দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি আরো ১৬ দেশের নির্দিষ্ট প্রদেশ ও শহর থেকে আংশিক নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।  

সৌদি গেজেটের এক সংবাদে জানা যায়, এই সিদ্ধান্ত মূলত বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও প্রাণী রোগের ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়েছে। বিশেষ করে উচ্চ সংক্রমণক্ষম বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাবের কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তালিকাটি নিয়মিত পর্যালোচনা করা হবে এবং বৈশ্বিক মহামারি পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে হালনাগাদ করা হবে।  

নিষিদ্ধ দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বাংলাদেশ, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লিবিয়া, যুক্তরাজ্য, মিসর, মেক্সিকো, ভারত, জাপান, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, আইভরি কোস্টসহ আরো অনেক দেশ।  

আংশিক নিষেধাজ্ঞার আওতায় পড়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, রোমানিয়া, ফিলিপাইন, বেলজিয়াম, পোল্যান্ড, ভুটান, জিম্বাবুয়ে ও কঙ্গো প্রজাতন্ত্রের কিছু অঞ্চল।  

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব পোলট্রি মাংস ও ডিম যথাযথ তাপ প্রক্রিয়ায় বা অন্যান্য নিরাপদ পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা হয়েছে এবং নিউক্যাসল রোগ ভাইরাস ধ্বংস করার মতো পর্যাপ্ত মান বজায় রেখেছে, সেগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে এসব পণ্য অবশ্যই উৎপত্তি দেশের অনুমোদিত কর্তৃপক্ষের স্বাস্থ্য সনদপত্রসহ আসতে হবে এবং অনুমোদিত স্থাপনা থেকে উৎপাদিত হতে হবে।  

সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি বলছে, এই পদক্ষেপ জনস্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, প্রাণী রোগের প্রাদুর্ভাব শুধু খাদ্য নিরাপত্তাই নয়, বরং অর্থনীতি ও কৃষি খাতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাই আমদানি নিয়ন্ত্রণের মাধ্যমে ঝুঁকি কমানোই মূল লক্ষ্য।

Logo