Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২৪ ফেব্রুয়ারি

মালয়েশিয়ায় মহামারি আকারে দেখা দিয়েছে যক্ষ্মা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮

মালয়েশিয়ায় মহামারি আকারে দেখা দিয়েছে যক্ষ্মা

মালয়েশিয়ায় যক্ষ্মা (টিবি) রোগের প্রাদুর্ভাব বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে (৮ থেকে ১৪ ফেব্রুয়ারি) দেশজুড়ে নতুন করে ৫৯৬ জন টিবি রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৬১ জন। দেশটির জনপ্রিয় দৈনিক দ্য স্ট্রেইট টাইমস এ সংবাদ প্রকাশ করেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভিড়, বন্ধ ও বাতাস চলাচলহীন জায়গায় টিবি সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। বিশেষ করে যদি সেখানে চিকিৎসাহীন সক্রিয় টিবি রোগী উপস্থিত থাকে। তবে রমজান মাস নিজে সংক্রমণের কারণ নয়। কিন্তু এ সময়ে সামাজিক মেলামেশা ও জনসমাগম বেড়ে যাওয়ায় ঝুঁকি বাড়তে পারে।  

স্বাস্থ্য মন্ত্রণালয় জনগণকে সতর্ক করে বলেছে, টিবি প্রতিরোধে সচেতনতা ও সক্রিয় পদক্ষেপই মূল। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করলে সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব। বিবৃতিতে বলা হয়, “সমষ্টিগত উদ্যোগের মাধ্যমে আমরা একটি নিরাপদ ও সুস্থ রমজান নিশ্চিত করতে পারি।”  

বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, টিবি ইনফ্লুয়েঞ্জা বা কোভিড-১৯ এর মতো দ্রুত ছড়ায় না। সাধারণত দীর্ঘ সময় ধরে বারবার সংস্পর্শে এলে সংক্রমণ ঘটে। তাই জনসমাগমে মাস্ক ব্যবহার, সঠিকভাবে কাশি-হাঁচি ঢেকে রাখা, ঘরের ভেতরে বাতাস চলাচল নিশ্চিত করা এবং দুই সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  

দেশজুড়ে টিবি রোগীর সংখ্যার হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে সাবাহ রাজ্যে ৭৫৫ জন। এরপর সেলাঙ্গর রাজ্যে ৫৯৬ জন এবং সারাওয়াকে ৩৩২ জন। জোহরে ২৮০ জন, কুয়ালালামপুর ও পুত্রজায়ায় ২৪৪ জন, কেদাহে ১৮১ জন, পেনাংয়ে ১৭২ জন এবং পেরাকে ১৫৪ জন রোগী শনাক্ত হয়েছে।  

এছাড়া কেলান্তানে ১২১ জন, পাহাংয়ে ১০৩ জন, তেরেঙ্গানুতে ৭৪ জন, নেগেরি সেম্বিলানে ৬২ জন, মেলাকায় ৪৮ জন, পেরলিসে ২১ জন এবং লাবুয়ানে সর্বনিম্ন ১৮ জন রোগী শনাক্ত হয়েছে।  

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, জনসচেতনতা বাড়ানো এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ছাড়া টিবি নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই রমজান মাসে বাজার, ইফতার আয়োজন বা জনসমাগমে অংশ নেওয়ার সময় সবাইকে সতর্ক থাকতে হবে।

Logo