নেপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৯ জন যাত্রী। সোমবার সকালে ধাদিং জেলায় পোখারা থেকে রাজধানী কাঠমান্ডু ফেরার পথে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশুলি নদীতে পড়ে যায়। পুলিশ জানিয়েছে, বাসটিতে চালকসহ মোট ৪৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে এক ব্রিটিশ নাগরিকসহ ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২৫ জন।
পুলিশের মুখপাত্র অভিনারায়ন কাফলে জানিয়েছেন, ঘটনাস্থলেই ১৭ জন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে চীন ও নিউজিল্যান্ডের নাগরিকও রয়েছেন। তাদের কাঠমান্ডুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ।
নেপালের কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে বাসটি নদীতে পড়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটি অতিরিক্ত গতিতে চলছিল।
হিমালয়বেষ্টিত নেপালে সড়ক দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা। জরাজীর্ণ রাস্তা, যানবাহনের সঠিক রক্ষণাবেক্ষণের অভাব এবং বেপরোয়া গাড়ি চালানোই এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। ২০২৪ সালের জুলাইয়ে একই এলাকায় ভূমিধসের কারণে দুটি বাস নদীতে পড়ে গিয়ে ৫০ জনের বেশি যাত্রী নিহত হয়েছিলেন।
দুর্ঘটনায় নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিত করতে সময় লাগবে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালে ভিড় করেছেন ভুক্তভোগীদের স্বজনরা।
logo-1-1740906910.png)