Logo
×

Follow Us

বিশ্ব

পৃথিবীর দিকে ধেয়ে আসছে অসংখ্য গ্রহাণু, কেয়ামত কি আসন্ন?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯

পৃথিবীর দিকে ধেয়ে আসছে অসংখ্য গ্রহাণু, কেয়ামত কি আসন্ন?

পৃথিবীর দিকে ধেয়ে আসছে হাজার হাজার গ্রহাণু, যেগুলো আকারে এত বড় যে পুরো একটি শহর ধ্বংস করে দিতে সক্ষম। নাসার ভারপ্রাপ্ত প্ল্যানেটারি ডিফেন্স অফিসার কেলি ফাস্ট জানিয়েছেন, বিজ্ঞানীরা এ পর্যন্ত প্রায় ২৫ হাজার গ্রহাণু শনাক্ত করেছেন, যেগুলোর আকার অন্তত ১৪০ মিটার বা তার বেশি। কিন্তু প্রায় ১৫ হাজার গ্রহাণু এখনো শনাক্ত করা যায়নি। এরা যে কোনো সময় বিনা সতর্কবার্তায় পৃথিবীতে আঘাত হানতে পারে।  

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে অনুষ্ঠিত আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স সম্মেলনে দেওয়া তার এই সতর্কবার্তা বিজ্ঞানী মহলে উদ্বেগ তৈরি করেছে। তিনি বলেন, বড় আকারের গ্রহাণুগুলো ইতোমধ্যে তালিকাভুক্ত করা হয়েছে এবং সেগুলোর ওপর নজরদারি চলছে। কিন্তু মাঝারি আকারের গ্রহাণুগুলোর বেশির ভাগই অন্ধকারাচ্ছন্ন ও কম প্রতিফলনশীল হওয়ায় মহাকাশের পটভূমিতে সহজে ধরা পড়ে না। অনেক গ্রহাণু পৃথিবীর কক্ষপথ অনুসরণ করে চলে, যা একেবারে কাছে না আসা পর্যন্ত শনাক্ত করা প্রায় অসম্ভব।  

২০২২ সালে নাসা ডার্ট মিশনের মাধ্যমে একটি ছোট গ্রহাণুর গতিপথ সামান্য বদলে দিতে সফল হয়েছিল। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ধরনের পদক্ষেপ নিতে হলে কয়েক বছরের আগাম তথ্য প্রয়োজন। শনাক্ত না হওয়া ১৫ হাজার গ্রহাণুর ক্ষেত্রে সেই সময় পাওয়া সম্ভব নয়। নাসার কর্মকর্তারা স্বীকার করেছেন, তাৎক্ষণিকভাবে বিপজ্জনক কোনো গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে এলে তা ঠেকানোর মতো কোনো মহাকাশযান বর্তমানে নেই।  

তবে আশার কথা হচ্ছে, নাসা নতুন একটি প্রকল্প নিয়ে কাজ করছে। নিয়ার-আর্থ অবজেক্ট সার্ভেয়ার নামের এই মিশন মূলত একটি ইনফ্রারেড স্পেস টেলিস্কোপ, যা অন্ধকার গ্রহাণুর তাপীয় স্বাক্ষর শনাক্ত করতে সক্ষম হবে। পাশাপাশি ভেরা সি রুবিন অবজারভেটরির মতো আধুনিক গ্রাউন্ডভিত্তিক জরিপও সতর্কবার্তা ব্যবস্থাকে আরো উন্নত করবে।  

বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীর নিরাপত্তার জন্য গ্রহাণু শনাক্তকরণ ও প্রতিরোধ ব্যবস্থা আরো শক্তিশালী করা জরুরি। কারণ, মাঝারি আকারের একটি গ্রহাণু আঘাত হানলে তা একটি শহরকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। বর্তমানে বিজ্ঞানীরা প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে সেই ঝুঁকি কমানোর চেষ্টা করছেন।

Logo