৫ বছরে ভারত থেকে সব অনুপ্রবেশকারীকে তাড়ানোর ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশ থেকে সব অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে। ২১ ফেব্রুয়ারি আসামে এক জনসভায় তিনি বলেন, শুধু জমি থেকে উচ্ছেদ করলেই চলবে না, তাদের দেশ থেকেই বিতাড়িত করতে হবে। তার মতে, জমি থেকে উচ্ছেদ করলে তারা অন্য কোথাও গিয়ে বসবাস শুরু করবে, তাই তাদের দেশ থেকে সরিয়ে দেওয়াই হবে চূড়ান্ত সমাধান।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতোমধ্যেই কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে উচ্ছেদের পদক্ষেপ নিয়েছেন। অনেককে সীমান্তে পুশব্যাকও করা হয়েছে। এই আবহে বিজেপি আসাম ও পশ্চিমবঙ্গের নির্বাচনে অনুপ্রবেশ ইস্যুকে বড় করে তুলতে চাইছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
অমিত শাহ বলেন, বিজেপি আবার ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে দেশ থেকে তাড়ানো হবে। তিনি দাবি করেন, যখন দেশের একটি বড় অংশ মাওবাদ থেকে মুক্ত হতে পারে, তখন অনুপ্রবেশকারীদের থেকেও দেশকে মুক্ত করা সম্ভব। এর জন্য দরকার ইচ্ছাশক্তি, সাহস এবং দৃঢ়তা। তার মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই তিনটি গুণই রয়েছে।
আসামে শিগগিরই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে অমিত শাহর বক্তব্যকে নির্বাচনী কৌশল হিসেবে দেখা হচ্ছে। বিজেপি দীর্ঘদিন ধরেই আসামে অনুপ্রবেশ ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। এবারো একই ইস্যুতে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে দলটি।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণা আসামের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিরোধীরা বলছে, বিজেপি জনসমর্থন আদায়ের জন্য অনুপ্রবেশ ইস্যুকে বারবার সামনে নিয়ে আসছে। অন্যদিকে বিজেপি বলছে, দেশের নিরাপত্তা ও সামাজিক ভারসাম্য রক্ষার জন্য অনুপ্রবেশকারীদের বিতাড়ন জরুরি।
logo-1-1740906910.png)