Logo
×

Follow Us

ইউরোপ

'ক্লিক ডে' ত্রুটিতে ইতালির ভিসা জটিলতা, বাড়ছে অবৈধ শ্রমিক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫

'ক্লিক ডে' ত্রুটিতে ইতালির ভিসা জটিলতা, বাড়ছে অবৈধ শ্রমিক

ইতালিতে ২০২৬-২৮ মেয়াদের তিন বছরের কর্মসূচির আওতায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘ক্লিক ডে’তে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জনের কোটায় আবেদন গ্রহণ শেষ হয়। তবে এবার কঠোর শর্ত ও জটিল আবেদন পদ্ধতির কারণে প্রত্যাশার তুলনায় আবেদন সংখ্যা কম হয়েছে। ফলে প্রবাসী বাংলাদেশিদের ধারণা, যারা নিয়ম মেনে আবেদন করতে পেরেছেন, তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি।  

কিন্তু প্রশাসনিক জটিলতা ও ‘ক্লিক ডে’র ত্রুটির কারণে বহু বিদেশি শ্রমিক অবৈধ অবস্থায় থেকে যাচ্ছেন। সম্প্রতি ইতালির উচ্চকক্ষ সিনেটে উপস্থাপিত এক বার্ষিক জরিপে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি প্রকাশ করেছে ‘এরো স্ত্রানিয়েরো’ নামের একটি প্রতিষ্ঠান।  

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে স্পন্সর ভিসার কোটা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৪৬ হাজার ৮৫০টি। কিন্তু সফলভাবে অনুমোদন পেয়েছেন মাত্র ২৪ হাজার ৮৫৮ জন। অনুমোদনের হার ছিল মাত্র ১৬ দশমিক ৯ শতাংশ। ২০২৫ সালে কোটা বাড়িয়ে করা হয় ১ লাখ ৮১ হাজার ৪৫০। কিন্তু এতে অনুমোদন পেয়েছেন মাত্র ১৪ হাজার ৩৪৯ জন। এবারের অনুমোদনের হার আরো কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯ শতাংশে।  

ইতালিতে আসা এসব শ্রমিক দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও অনুমোদন প্রক্রিয়ার জটিলতায় অনেকে অবৈধ অবস্থায় কাজ করতে বাধ্য হচ্ছেন। এতে শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। একই সঙ্গে দেশটির শ্রমবাজারে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।  

প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় নাগরিকরা দাবি করেছেন, সরকারকে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করতে হবে। সঠিক উপায়ে ভিসা ও থাকার অনুমোদন দিলে শ্রমিকরা বৈধভাবে কাজ করতে পারবেন এবং অর্থনীতিতে আরো ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।  

ইতালির বিভিন্ন খাত অভিবাসী শ্রমিকদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কৃষি, নির্মাণ, গৃহস্থালি কাজসহ নানা ক্ষেত্রে বিদেশি শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু ভিসা প্রক্রিয়ার জটিলতা ও ‘ক্লিক ডে’র ত্রুটি তাদের বৈধতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। 

Logo