Logo
×

Follow Us

এশিয়া

ভারতের পশ্চিমবঙ্গে বাদ পড়তে পারে ৬৮ লক্ষ ভোটার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭

ভারতের পশ্চিমবঙ্গে বাদ পড়তে পারে ৬৮ লক্ষ ভোটার

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় নতুন করে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের কাছে পাঠানো হিসাব অনুযায়ী, শুনানিপর্বে আরো প্রায় ১০ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে। এর মধ্যে সাত লক্ষ ভোটার শুনানিতে হাজির হননি, আর চার লক্ষের বেশি ভোটারের নথি ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত হয়েছে।  

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে জান যায়, এর আগে কমিশন মৃত, অনুপস্থিত ও নিখোঁজ ভোটার হিসেবে ৫৮ লক্ষ নাম বাদ দিয়েছিল। এবার শুনানিপর্বে আরো ১০ লক্ষ নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা। ফলে মোট বাদ পড়া নামের সংখ্যা আরো বাড়বে।  

মাইক্রো অবজার্ভাররা প্রায় ৪ লক্ষ ৪৪ হাজার ভোটারের নথিকে অযোগ্য ঘোষণা করেছেন। এছাড়া জেলা প্রশাসকদের কাছে এখনো ৪ লক্ষ ৬৬ হাজারের বেশি নথি যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। প্রায় ৩০ লক্ষ ভোটারের নথি পুনরায় যাচাইয়ের জন্য ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) ও সহকারী ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (এইআরও) কাছে পাঠানো হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, প্রায় ২০ লক্ষ ভোটারের নথি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।  

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা। তবে নথি যাচাইয়ের কাজ শেষ না হলে তালিকা প্রকাশের দিন পেছাতে পারে। কমিশন সময় বাড়ানোর জন্য নতুন করে আবেদন করতে পারে বলে জানা গেছে।

কমিশন আগেই ঘোষণা করেছিল, এসআইআর প্রক্রিয়ায় মোট ১৩ ধরনের নথি গ্রহণযোগ্য হবে। কিন্তু অভিযোগ উঠেছে, অনেক ভোটার তালিকার বাইরে থাকা নথি জমা দিয়েছেন। কিছু ক্ষেত্রে সেই নথি গ্রহণও করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কমিশন তাদের কাছে জবাব চাইতে পারে।

Logo