কানাডায় স্কিল মাইগ্রেশনে যুক্ত হলো নতুন পেশা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩
কানাডা তাদের দক্ষ অভিবাসন ব্যবস্থা আরো শাণিত করতে নতুন এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি ঘোষণা করেছে। অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী লেনা মেটলেজ দিয়াব জানিয়েছেন, দেশের অর্থনীতি ও শ্রমবাজারের চাহিদা পূরণে এই পরিবর্তন আনা হয়েছে।
২০২৬ সালের জন্য এক্সপ্রেস এন্ট্রিতে কয়েকটি নতুন ক্যাটাগরি যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে-
- গবেষক ও সিনিয়র ম্যানেজার যারা কানাডায় কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।
- পরিবহন খাতের কর্মী।
- সামরিক বাহিনীর সদস্যরা।
এছাড়া বিদেশি চিকিৎসকদের জন্যও আলাদা ক্যাটাগরি চালু করা হয়েছে।
আগে ছয় মাসের ধারাবাহিক কাজের অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যেত। এখন তা বাড়িয়ে এক বছরের কাজের অভিজ্ঞতা করা হয়েছে। তবে এই এক বছরের অভিজ্ঞতা গত তিন বছরের মধ্যে থাকতে হবে, ধারাবাহিক হওয়া বাধ্যতামূলক নয়।
কানাডা দীর্ঘদিন ধরে ফ্রাঙ্কোফোন অভিবাসন বাড়াতে গুরুত্ব দিচ্ছে। নতুন ব্যবস্থায় ফরাসি ভাষায় দক্ষ আবেদনকারীদের জন্য বিশেষ ড্র আয়োজন করা হবে।
মন্ত্রী দিয়াব বলেছেন, “কানাডার ভবিষ্যৎ নির্ভর করছে এমন এক কর্মশক্তির ওপর, যারা পরিবর্তনশীল অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। নতুন ক্যাটাগরি আমাদের শ্রমবাজারকে শক্তিশালী করবে এবং প্রদেশগুলোর অগ্রাধিকার পূরণ করবে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন ক্যাটাগরি চালুর ফলে কানাডা আরো দক্ষ কর্মী আকর্ষণ করতে পারবে। স্বাস্থ্যসেবা, গবেষণা, পরিবহন ও প্রতিরক্ষা খাতের শূন্যস্থান পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রদেশভিত্তিক চাহিদা মেটানো সহজ হবে।
logo-1-1740906910.png)