অনলাইন স্ক্যাম দমনে কঠোর হওয়ার আহ্বান জাতিসংঘের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া অনলাইন স্ক্যাম সেন্টার বা ইন্টারনেট প্রতারণা চক্র দমনে কঠোর ব্যবস্থা নিতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, এসব কেন্দ্রে হাজারো মানুষকে পাচার করে জোরপূর্বক শ্রমে নিযুক্ত করা হচ্ছে এবং তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে।
২০ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার সংস্থা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব প্রতারণা কেন্দ্রে বন্দি থাকা ব্যক্তিদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়। এর মধ্যে রয়েছে যৌন নিপীড়ন, জোরপূর্বক গর্ভপাত, অনাহার এবং নির্জন কারাবাস।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, “নির্যাতনের এ তালিকা যেমন স্তম্ভিত করার মতো, তেমনি হৃদয় বিদারক।” তিনি এই অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে থাকা দুর্নীতিবাজ চক্র ও সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে সরকারগুলোর প্রতি জোরালো আহ্বান জানান।
জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই প্রতারণা চক্র সক্রিয়। হাজার হাজার মানুষকে বাধ্য করে এসব কেন্দ্রে কাজ করানো হচ্ছে। প্রতারণার মাধ্যমে প্রতি বছর শত শত কোটি ডলার হাতিয়ে নিচ্ছে এসব চক্র।
২০২৩ সালের এক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছিল, অনলাইন প্রতারণা কেন্দ্রগুলোতে জোরপূর্বক শ্রমে নিযুক্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। তখনো বলা হয়েছিল, এই কেন্দ্রগুলো থেকে বিপুল অর্থ আয় করা হচ্ছে, যা আন্তর্জাতিক অপরাধচক্রকে আরো শক্তিশালী করছে।
logo-1-1740906910.png)