Logo
×

Follow Us

এশিয়া

দার্জিলিংয়ের ৩টি নির্জন পাহাড়ি গ্রাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮

দার্জিলিংয়ের ৩টি নির্জন পাহাড়ি গ্রাম

ভারতের দার্জিলিংয়ের ম্যাল রোড, হোটেল আর শপিং মলের ভিড়ে এখন আর আগের মতো নির্জনতা নেই। সারা বছরই পর্যটকের ভিড়ে শৈলশহর হয়ে উঠেছে ঘিঞ্জি। তাই যারা ভিড় এড়িয়ে দার্জিলিং ঘুরতে চান, তাদের জন্য শহরের কাছেই রয়েছে কয়েকটি নির্জন পাহাড়ি ঠিকানা। এখানে পাওয়া যাবে প্রকৃতির সান্নিধ্য, শান্ত পরিবেশ আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য।  

দার্জিলিং শহর থেকে মাত্র ৬-৭ কিলোমিটার দূরে লেবং যেন প্রকৃত অর্থেই শান্তির ঠিকানা। বড় বড় হোটেল এখনো সবুজ উপত্যকার সৌন্দর্য নষ্ট করেনি। এখানে গড়ে উঠেছে একাধিক হোমস্টে। লেবং থেকে সহজেই ঘুরে নেওয়া যায় বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি, হ্যাপি ভ্যালি চা-বাগানসহ শহরের দর্শনীয় স্থানগুলো। দিনভর শহর ঘুরে বিকেলে ফিরে আসা যায় লেবংয়ে। আবার চাইলে পুরো সময়টুকুই লেবংয়ে থেকে পাহাড়ি পথে হাঁটাহাঁটি করে উপভোগ করা যায় মেঘ, চা-বাগান আর পাখির ডাক।

মিরিকের কাছে গোপালধারা চা-বাগান থেকে কিছুটা দূরে তাবাকোশি যেন সবুজের গালিচা পাতা উপত্যকা। দার্জিলিং থেকে দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। শান্ত নিরালা পরিবেশে এখানে বসন্ত বা গরমকালে আবহাওয়া থাকে ফুরফুরে। হাঁটাপথে ঘুরে দেখা যায় চা-বাগান, আর সামনে দিয়ে বয়ে যায় রংভাঙ নদী। পাহাড়ের সৌন্দর্যের সঙ্গে চোখে পড়বে পাইন আর বার্চের সমাহার। এখান থেকে জোড়পোখরি, লেপচাজগৎ, পশুপতি মার্কেটও ঘুরে নেওয়া যায়।  

দার্জিলিংয়ের কাছেই আরেকটি নির্জন গ্রাম হলো লেপচাজগৎ। এখানে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য একেবারে অন্যরকম। নির্জনতার সঙ্গে মিশে আছে স্থানীয় সংস্কৃতি ও আতিথেয়তা। যারা শহরের কোলাহল এড়িয়ে শান্ত পরিবেশে থাকতে চান, তাদের জন্য লেপচাজগৎ হতে পারে আদর্শ গন্তব্য।

দার্জিলিং শহরের ভিড় এড়িয়ে কাছেই নির্জন পাহাড়ি এলাকায় থাকতে চাইলে লেবং, তাবাকোশি আর লেপচাজগতের মতো জায়গা হতে পারে সেরা পছন্দ। এখান থেকে সহজেই দার্জিলিং শহর ঘোরা যায়, আবার নির্জন পরিবেশে প্রকৃতির সৌন্দর্যও উপভোগ করা যায়।

Logo