Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

অভিবাসন নীতিতে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫

অভিবাসন নীতিতে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফেরার পর থেকে এটাই তার জনপ্রিয়তার সবচেয়ে নিম্ন হার বলে জানিয়েছে রয়টার্স/ইপসোসের নতুন জনমত জরিপ।  

গত সোমবার শেষ হওয়া চার দিনব্যাপী জরিপে অংশ নেওয়া মাত্র ৩৮ শতাংশ মানুষ ট্রাম্পের অভিবাসন নীতিতে সন্তোষ প্রকাশ করেছেন। জানুয়ারিতে এ হার ছিল ৩৯ শতাংশ। দ্বিতীয় মেয়াদ শুরুর প্রথম কয়েক মাসে জনপ্রিয়তা ৫০ শতাংশ পর্যন্ত উঠেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা কমে এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।  

২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প অভিবাসী বিতাড়নে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ব্যাপক চিরুনি অভিযান শুরু করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে মুখোশধারী এজেন্টদের অভিবাসনবিরোধী তৎপরতা সাধারণ দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। বিক্ষোভকারী ও মানবাধিকার কর্মীদের সঙ্গে অভিবাসন কর্মকর্তাদের সংঘর্ষও বেড়েছে।  

জরিপে দেখা গেছে, পুরুষ ভোটারদের মধ্যে ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪ সালের নির্বাচনে তার বিজয়ে পুরুষ ভোটাররা বড় ভূমিকা রেখেছিলেন। ২০২৫ সালজুড়ে তাদের মধ্যে জনপ্রিয়তা প্রায় ৫০ শতাংশ ছিল। কিন্তু সর্বশেষ জরিপে দেখা গেছে, মাত্র ৪১ শতাংশ পুরুষ এ ইস্যুতে ট্রাম্পকে সমর্থন করছেন। নারী ভোটারদের মধ্যে সমর্থনও কমে গেছে গত বছরের প্রায় ৪০ শতাংশ থেকে বর্তমানে ৩৫ শতাংশে দাঁড়িয়েছে।  

সাম্প্রতিক সময়ে মিনেসোটায় অভিবাসন কর্মকর্তাদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার পর ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিরল এক ঘটনায় ট্রাম্প প্রশাসন সেখানে বিতাড়ন অভিযান বন্ধ করতে রাজি হয়। এ ঘটনাও জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকদের ধারণা।  

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরুর সময় ট্রাম্পের সামগ্রিক জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ। কিন্তু সর্বশেষ জরিপে তার সামগ্রিক কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ৩৮ শতাংশ মানুষ। জরিপটি অনলাইনে পরিচালিত হয়, যেখানে অংশ নেন ১ হাজার ১১৭ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক। ভুলের মাত্রা ধরা হয়েছে ৩ শতাংশ।

Logo