Logo
×

Follow Us

বিশ্ব

বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০

বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা?

পবিত্র রমজান মাসে মুসল্লিরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত আহার ও পানাহার থেকে বিরত থাকেন। তবে ভৌগোলিক অবস্থান ও ঋতুর কারণে বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময় ভিন্ন হয়ে থাকে। সাধারণত রোজার সময় ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকে।

চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে বুধবার থেকে রোজা শুরু হয়েছে। রিয়াদে প্রথম দিনে রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৪ মিনিট। কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও একই সময় রোজা রাখতে হবে।  

বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রথম দিনে রোজার সময় হবে ১২ ঘণ্টা ৪৩ মিনিট। ভারতের নয়াদিল্লিতে ১২ ঘণ্টা ৩৮ মিনিট, পাকিস্তানের ইসলামাবাদ ও আফগানিস্তানের কাবুলে ১২ ঘণ্টা ২৯ মিনিট রোজা রাখতে হবে। শ্রীলঙ্কার কলম্বোয় সময় হবে ১৩ ঘণ্টা ৬ মিনিট।  

ইন্দোনেশিয়ার জাকার্তায় রোজার সময় ১৩ ঘণ্টা ৪৮ মিনিট, মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১৩ ঘণ্টা ১১ মিনিট এবং থাইল্যান্ডের ব্যাংককে ১২ ঘণ্টা ৫৬ মিনিট।  

ইউরোপে রোজার সময় তুলনামূলকভাবে কম। যুক্তরাজ্যের লন্ডনে ১২ ঘণ্টা ১ মিনিট, ফ্রান্সের প্যারিসে ১১ ঘণ্টা ৩৩ মিনিট, ইতালির রোম ও চীনের বেইজিংয়ে ১২ ঘণ্টা ১৯ মিনিট, পর্তুগালের লিসবনে ১২ ঘণ্টা ২৩ মিনিট এবং সুইডেনের স্টকহোমে ১১ ঘণ্টা ৫২ মিনিট রোজা রাখতে হবে।  

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রোজার সময় হবে ১২ ঘণ্টা ৫ মিনিট, ওয়াশিংটন ডিসিতে ১২ ঘণ্টা ৯ মিনিট এবং লস অ্যাঞ্জেলেসে ১২ ঘণ্টা ১৫ মিনিট। কানাডার অটোয়ায় সময় হবে ১১ ঘণ্টা ৫৮ মিনিট।  

দক্ষিণ গোলার্ধে রোজার সময় তুলনামূলকভাবে দীর্ঘ। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে প্রথম দিনে রোজার সময় হবে ১৫ ঘণ্টা ২২ মিনিট। চিলির পুয়ের্তো মন্টেতে ১৫ ঘণ্টা ১৩ মিনিট, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ১৪ ঘণ্টা ৪৮ মিনিট এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৪ ঘণ্টা ১৩ মিনিট রোজা রাখতে হবে।

বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষ উত্তর গোলার্ধে বসবাস করেন। এ বছর তাদের রোজার সময় কিছুটা কম হবে এবং ২০৩১ সাল পর্যন্ত এই সময় আরো কমতে থাকবে। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে রোজার সময় তুলনামূলকভাবে দীর্ঘ হবে। ইসলামি বর্ষপঞ্জি চন্দ্রনির্ভর হওয়ায় প্রতি বছর রমজান মাস ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। ফলে ২০৩০ সালে দুইবার রমজান পালিত হবে- প্রথমবার জানুয়ারিতে এবং দ্বিতীয়বার ডিসেম্বরে।

Logo