Logo
×

Follow Us

ইউরোপ

গ্রিসের গোল্ডেন ভিসায় আগ্রহ বেড়েছে তুর্কিদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮

গ্রিসের গোল্ডেন ভিসায় আগ্রহ বেড়েছে তুর্কিদের

গ্রিসে বসবাসের অনুমতি পাওয়ার জন্য গোল্ডেন ভিসা স্কিমে তুর্কি নাগরিকদের আগ্রহ অভূতপূর্বভাবে বেড়েছে। গ্রিক দৈনিক কাথিমেরিনি জানিয়েছে, গত বছর তুর্কিদের আবেদন সংখ্যা আগের বছরের তুলনায় ১৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে সফল আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৯১ জন। চীনা নাগরিকদের পরেই গোল্ডেন ভিসা সুবিধাভোগীদের তালিকায় তুর্কিরা দ্বিতীয় স্থানে রয়েছে।  

বিশ্লেষকদের মতে, এ প্রবণতার মূল কারণ হলো তুরস্কে উচ্চ মুদ্রাস্ফীতি থেকে সঞ্চয় রক্ষা করা। ধনী তুর্কি বিনিয়োগকারীরা গ্রিসের রিয়েল এস্টেটকে নিরাপদ সম্পদ হিসেবে দেখছেন। এতে একদিকে ভাড়ার মাধ্যমে ভালো আয় হচ্ছে, অন্যদিকে দীর্ঘমেয়াদে সম্পদের মূল্য বৃদ্ধি পাচ্ছে। ফলে এটি দ্বিমুখী সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।  

তবে আর্থিক লাভই একমাত্র উদ্দেশ্য নয়। অনেক তুর্কি আবেদনকারীর কাছে সেনজেন অঞ্চলে অবাধ ভ্রমণের সুযোগ, রাজনৈতিক অনিশ্চয়তা এবং পরিবারের নিরাপত্তা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। গোল্ডেন ভিসা স্কিমের মাধ্যমে গ্রিসে বৈধভাবে বসবাসের পাশাপাশি ইউরোপের সেনজেন এলাকায় ভিসামুক্ত ভ্রমণ করা যায়। এ কারণে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে এ স্কিম বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে।  

গ্রিস ২০১৩ সালের জুলাই মাসে গোল্ডেন ভিসা স্কিম চালু করে। এতে ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকরা নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগের মাধ্যমে নবায়নযোগ্য রেসিডেন্স পারমিট পান। সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম হলো রিয়েল এস্টেট।  

গত বছর গ্রিসে অনুমোদিত গোল্ডেন ভিসা হোল্ডারদের মধ্যে তুরস্ক, ইসরায়েল, চীন, ইরান ও যুক্তরাষ্ট্রের নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। বিশেষজ্ঞরা মনে করছেন, তুরস্কে অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক অস্থিরতা বাড়ার সঙ্গে সঙ্গে আরো বেশি নাগরিক গ্রিসে বসবাসের অনুমতি নিতে আগ্রহী হবেন।  

গ্রিসের রিয়েল এস্টেট বাজারও এ কারণে আরো সক্রিয় হয়ে উঠছে। বিনিয়োগকারীরা শুধু সম্পদ সংরক্ষণ নয়, বরং ইউরোপে দীর্ঘমেয়াদি উপস্থিতি নিশ্চিত করতে চাইছেন। ফলে গোল্ডেন ভিসা স্কিম এখন শুধু একটি অভিবাসন সুবিধা নয়, বরং আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Logo