মালয়েশিয়ার তেরেঙ্গানোতে অভিযানে ২২২ বাংলাদেশি গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫
মালয়েশিয়ার তেরেঙ্গানো রাজ্যে পরিচালিত এক মেগা অভিযানে ২২২ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চলে।
তেরেঙ্গানো ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নুর জানিয়েছেন, অভিযানে মোট ৩১৬ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়। এর মধ্যে ২২৬ জনকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২২২ জন বাংলাদেশি, তিনজন ইন্দোনেশিয়ান এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটককৃতদের বিরুদ্ধে বৈধ নথিপত্র না থাকা, নির্ধারিত সময়ের অতিরিক্ত অবস্থান (ওভারস্টে) এবং ভিসার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এসব অপরাধের কারণে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তেরেঙ্গানোতে মোট ৪১৫ জন অনিবন্ধিত অভিবাসী শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন।
গ্রেফতারকৃতদের কুয়ালা বেরংয়ের আজিল ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে। সেখান থেকে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হবে।
logo-1-1740906910.png)