কুয়ালালামপুরে পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতা গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশি পাসপোর্ট জালিয়াতি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। ১২ ফেব্রুয়ারি ভোরে সেন্টুল এলাকায় পরিচালিত অভিযানে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ২২টি জাল পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
মালয়েশিয়া অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্দি রামলি শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এক মাসের নজরদারির পর ভোর ৬টার দিকে সেন্টুলের দুটি স্থানে অভিযান চালানো হয়। আটককৃত যুবক বর্তমানে বৈধ ‘স্টুডেন্ট পাস’ ভিসায় মালয়েশিয়ায় অবস্থান করছেন।
অভিযানে পাসপোর্ট জালিয়াতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি কম্পিউটার সেট ও প্রিন্টার, কাটিং মেশিন, লেজার এনগ্রেভিং মেশিন, এক্সেস কার্ড এবং একটি মোটরসাইকেল।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই সিন্ডিকেট মূলত কুয়ালালামপুরের আশপাশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের লক্ষ্য করে কাজ করত। বিশেষ করে যারা ফমেমা স্বাস্থ্য পরীক্ষায় ‘আনফিট’ হয়েছেন, তাদের ভুয়া নথিপত্র ও পাসপোর্ট তৈরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে চক্রটি ব্যবসা পরিচালনা করছিল।
বর্তমানে আটককৃত বাংলাদেশিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন ও নথি জালিয়াতির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
logo-1-1740906910.png)