ব্রিটেনে অভিবাসীদের স্বেচ্ছাসেবা বাধ্যতামূলক করার প্রস্তাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২
যুক্তরাজ্যে দীর্ঘমেয়াদি বসবাস করতে চাইলে অভিবাসীদের জন্য স্বেচ্ছাসেবামূলক কাজ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে সরকার। তবে এই পরিকল্পনা নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। একাধিক দাতব্য সংস্থা বলছে, স্বেচ্ছাসেবামূলক কাজকে এভাবে শর্ত হিসেবে চাপিয়ে দেওয়া হলে এর প্রকৃত অর্থ বিকৃত হবে এবং সংস্থাগুলোর ওপর অযাচিত চাপ সৃষ্টি হবে।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, স্থায়ী বসবাসের আবেদন দ্রুততর করার কাঠামো হিসেবেই এই প্রস্তাব আনা হয়েছে। কাউকে জোর করে স্বেচ্ছাসেবী বানানো হবে না। তবে তিনি মনে করেন, যুক্তরাজ্যে বসবাসের অনুমতি ‘অর্জন’ করা উচিত, সময় পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে তা পাওয়া ঠিক নয়।
জাতীয় স্বেচ্ছাসেবক সংস্থা কাউন্সিল (NCVO) পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৭৫ শতাংশ দাতব্য সংস্থা এই প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের মতে, স্বেচ্ছাসেবকতা হলো স্বেচ্ছায়, বিনামূল্যে করা কাজ। বসবাসের অনুমতির সঙ্গে এটি যুক্ত করলে জনআস্থা নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হবে। সংস্থাগুলো আরও বলছে, অভিবাসীরা ইতোমধ্যেই স্বেচ্ছাসেবী হতে আগ্রহী। সরকারের উচিত প্রশাসনিক জটিলতা ও কর্মসংস্থানের সীমাবদ্ধতা কমানো, যাতে তারা সহজে যুক্ত হতে পারেন।
দাতব্য প্রতিষ্ঠানগুলো বলছে, অভিবাসীদের স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত করলে তাদের ব্যাকগ্রাউন্ড চেক, ভাষা সহায়তা ও প্রশিক্ষণের খরচ বহন করতে হবে। এতে আর্থিক চাপ বাড়বে। পাশাপাশি আশঙ্কা রয়েছে, অভিবাসীদের দুর্বলতার সুযোগ নিয়ে শোষণমূলক পরিস্থিতি তৈরি হতে পারে। বিনা বেতনের শ্রমকে অভ্যাসে পরিণত করার ঝুঁকিও রয়েছে।
৩১৪টি সংস্থার ওপর করা সমীক্ষায় মাত্র আট শতাংশ উত্তরদাতা এই প্রস্তাবকে সমর্থন করেছেন। ১৭ শতাংশ সিদ্ধান্তহীনতায় ভুগছেন। বাকিরা সরাসরি বিরোধিতা করেছেন। তারা মনে করেন, স্বেচ্ছাসেবামূলক কাজকে বসবাসের অনুমতির সঙ্গে যুক্ত করলে পরিষেবার মান কমে যাবে এবং প্রকৃত স্বেচ্ছাসেবীদের আগ্রহ হারিয়ে যাবে।
সরকার বলছে, অংশগ্রহণ স্বেচ্ছায় হবে। তবে দাতব্য সংস্থাগুলো মনে করছে, স্থায়ী বসবাসের সময় কমানোর প্রলোভন দিয়ে আসলে এটি বাধ্যতামূলক করে তোলা হচ্ছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রশ্ন- স্বেচ্ছাসেবকতা কি সত্যিই স্বেচ্ছায় থাকবে, নাকি অভিবাসীদের জন্য এটি নতুন চাপ হয়ে দাঁড়াবে।
logo-1-1740906910.png)