Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসী দমনাভিযান সমাপ্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসী দমনাভিযান সমাপ্ত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে অনথিভুক্ত অভিবাসীদের বিরুদ্ধে চলা দমনাভিযান শেষের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তা টম হোম্যান। ১২ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রেসিডেন্ট তার অনুরোধ অনুমোদন করেছেন এবং অভিযান সমাপ্তির সিদ্ধান্ত নিয়েছেন।  

গত দুই মাস ধরে চলা ‘অপারেশন মেট্রো সার্জ’ অভিযানে ৪ হাজারের বেশি অনিবন্ধিত অভিবাসী গ্রেপ্তার হয়েছে। তবে এ সময় অভিবাসন কর্মকর্তাদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার পর রাজ্যজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়।  

টম হোম্যান অভিযানে সফলতার দাবি করে বলেন, “এর ফলে মিনেসোটা আগের চেয়ে বেশি নিরাপদ হয়েছে।” তিনি আরো জানান, আইসিই এজেন্টদের প্রত্যাহার কর্মসূচি তদারকির জন্য কিছু সময় তিনি রাজ্যে থাকবেন। তার মতে, মিনেসোটায় এখন অভিবাসন আইন প্রয়োগ করার মতো মানুষের সংখ্যা অনেক কমে এসেছে।   

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এজেন্টদের প্রত্যাহারের ঘোষণায় সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, “এই অভিযান আমাদের মারাত্মক ক্ষতি, প্রজন্মিক ট্রমা এবং অর্থনৈতিক ধ্বংসের মধ্যে ফেলেছে। অনেক প্রশ্নও রেখে যাচ্ছে।” গভর্নর ওয়ালজ ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি পূরণে ১ কোটি ডলারের জরুরি তহবিল প্রস্তাবের পরিকল্পনা করেছেন।    

দুই মাসব্যাপী অভিবাসী দমনাভিযান শেষ হলেও এর প্রভাব মিনেসোটার সমাজ ও অর্থনীতিতে দীর্ঘস্থায়ী হতে পারে। গ্রেপ্তার, সহিংসতা ও অর্থনৈতিক ক্ষতির পর রাজ্যজুড়ে এখন পুনর্গঠন ও স্থিতিশীলতার চ্যালেঞ্জ সামনে এসেছে।

Logo