Logo
×

Follow Us

ইউরোপ

লিবিয়ার উপকূলে ৫৩ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১

লিবিয়ার উপকূলে ৫৩ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
লিবিয়ার উপকূলে ৫৩ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

আফ্রিকার দেশ লিবিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে নৌকাডুবির ঘটনায় দুই শিশুসহ ৫৩ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম জানিয়েছে, ৫ ফেব্রুয়ারি মধ্যরাতের আগে লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জাওয়াইয়া থেকে ৫৫ জন অভিবাসনপ্রত্যাশী ইউরোপের উদ্দেশে যাত্রা করেন। ছয় ঘণ্টা পর পরদিন সকালে নৌকাটি ডুবে যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইনফো মাইগ্র্যান্টস এ সংবাদ প্রকাশ করে।  

লিবিয়ার সমুদ্ররক্ষীরা খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে। তারা নাইজেরিয়ার দুই নারীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে ওই দুই নারী জানিয়েছেন, দুর্ঘটনায় একজন তার স্বামীকে এবং অপরজন তার দুই সন্তানকে হারিয়েছেন।  

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি নতুন নয়। তবে ২০২৬ সালের শুরু থেকেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। আইওএমের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি মাসেই ৩৭৫ জন অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছেন। সংস্থাটি মনে করছে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। গত বছর একই পথে ১ হাজার ৩০০ জনের মৃত্যু বা নিখোঁজের ঘটনা ঘটেছিল।  

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। সেই সুযোগে মানব পাচারকারীরা দরিদ্র ও সহিংসতাপ্রবণ দেশগুলোর অভিবাসনপ্রত্যাশীদের ফাঁদে ফেলে ঝুঁকিপূর্ণ যাত্রায় ঠেলে দিচ্ছে। আইওএম জানিয়েছে, মানব পাচারকারী চক্র অভিবাসনপ্রত্যাশীদের শোষণ করছে এবং নৌকায় তুলে দিয়ে বিপুল মুনাফা করছে।  

লিবিয়া ও টিউনিশিয়া থেকে অভিবাসনপ্রত্যাশীরা ঝুঁকিপূর্ণভাবে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করে। এই পথকে মধ্য ভূমধ্যসাগরের সবচেয়ে বিপজ্জনক রুট হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো।  

লিবিয়ার উপকূলে সাম্প্রতিক নৌকাডুবি আবারো প্রমাণ করল, মানব পাচারকারীদের কারণে অভিবাসনপ্রত্যাশীরা জীবন ঝুঁকিতে পড়ছেন। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, রাজনৈতিক অস্থিরতা ও মানব পাচার বন্ধ না হলে ভূমধ্যসাগরে এমন মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয়।

Logo