কানাডা ২০২৬ সাল থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টাডি পারমিট নিয়মে পরিবর্তন এনেছে। নতুন নিয়মে যৌথ প্রোগ্রামে ভর্তি শিক্ষার্থীদের আর একাধিক প্রাদেশিক অ্যাটেস্টেশন লেটার জমা দিতে হবে না। এখন থেকে একটি মাত্র অ্যাটেস্টেশন লেটারই যথেষ্ট হবে।
ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC) জানিয়েছে, মাস্টার্স ও ডক্টরাল শিক্ষার্থীরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য অ্যাটেস্টেশন লেটার জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকবে না। তবে ভিজিটিং শিক্ষার্থী, যেমন ভিজিটিং গ্র্যাজুয়েট স্টুডেন্টদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়। তারা অবশ্যই অ্যাটেস্টেশন লেটার জমা দিতে হবে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন বলছে, কুইবেক প্রদেশের কিছু ভোকেশনাল প্রোগ্রাম যেমন Diploma of Vocational Studies, Attestation of Vocational Specialization, Pre-Work Training Certificate এবং Training Certificate for a Semiskilled Trade অ্যাটেস্টেশন ছাড়ের আওতায় থাকবে। তবে কুইবেকের CEGEP প্রতিষ্ঠানগুলোতে ভর্তি শিক্ষার্থীদের জন্য অ্যাটেস্টেশন লেটার বাধ্যতামূলক থাকবে।
আইআরসিসি স্পষ্ট করেছে, যেসব আবেদনকারীর ফাইল অ্যাটেস্টেশন ছাড়া জমা পড়বে, সেগুলো গ্রহণ করা হবে না এবং আবেদন ফিরিয়ে দেওয়া হবে। তবে ২০২৬ সালের ১ জানুয়ারির আগে জমা পড়া আবেদনগুলো পুরনো নিয়মে প্রক্রিয়াকৃত হবে।
কানাডা একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ভর্তির সীমা নির্ধারণ করেছে। ২০২৬ সালে সর্বোচ্চ ১ লাখ ৫৫ হাজার শিক্ষার্থীকে ভর্তির অনুমতি দেওয়া হবে, যা ২০২৫ সালের ৩ লাখ ৫ হাজার ৯০০ জনের তুলনায় প্রায় অর্ধেক। ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কানাডায় নতুন স্টাডি পারমিটধারীর সংখ্যা ছিল ১ লাখ ৫ হাজার ৮৭০ জন।
এই পরিবর্তনগুলো মূলত শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আবাসন ও সামাজিক সেবায় চাপ কমানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। বিশেষ করে যৌথ প্রোগ্রামে ভর্তি শিক্ষার্থীদের জন্য এটি বড় স্বস্তি এনে দিয়েছে।
logo-1-1740906910.png)