কানাডায় ২.১ মিলিয়ন অস্থায়ী বাসিন্দার ভিসা সংকট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯
কানাডায় প্রায় ২.১ মিলিয়ন অস্থায়ী বাসিন্দার ভিসা এ বছর শেষ হয়ে যাবে বা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটা ভুল ধারণা যে সবাই ভিসা শেষ হলে নিজ দেশে ফিরে যাবেন। অনেকেই স্থায়ীভাবে কানাডায় থাকতে চান এবং নানা উপায়ে চেষ্টা করছেন।
উইনসর-এসেক্সে বসবাসরত অভিষেক পারমার এরকম একজন। তিনি ২০১৯ সালে ভারত থেকে পড়াশোনার জন্য কানাডায় আসেন। ছয় বছরের বেশি সময় ধরে এখানে বসবাস করছেন। পড়াশোনা শেষে চাকরি পেলেও শুল্কসংক্রান্ত সমস্যায় বারবার চাকরি হারান। ফলে স্থায়ী বাসিন্দা হওয়ার পথ বন্ধ হয়ে যায়। তার কাজের অনুমতি মার্চে শেষ হবে। তিনি বলেন, “আমি কখনো ভাবিনি কানাডা ছাড়তে হবে। এখন সবকিছু অনিশ্চিত।”
ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC) জানিয়েছে, গত বছর ১.৪৯ মিলিয়ন অস্থায়ী বাসিন্দার ভিসা শেষ হয়েছে। এ বছর আরো ১.৪ মিলিয়ন শেষ হবে। দুই বছরে মোট ২.৯ মিলিয়ন মানুষ ভিসা সংকটে পড়বেন। তবে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ সীমিত। প্রতি বছর প্রায় ৩৮০ থেকে ৩৯৫ হাজার জনকে স্থায়ী বাসিন্দা করা হয়। ফলে বিপুল সংখ্যক মানুষ ভিসা শেষ হয়ে যাওয়ার পরও কানাডায় থেকে যাওয়ার চেষ্টা করবেন।
আইআরসিসি বলছে, ভিসার মেয়াদ শেষ হলে সবাইকে দেশ ছাড়তে হবে। তবে ৯০ দিনের মধ্যে কেউ চাইলে স্ট্যাটাস পুনরুদ্ধারের আবেদন করতে পারেন। গবেষণা বলছে, কানাডায় ২ থেকে ৫ লাখ অনথিভুক্ত অভিবাসী থাকতে পারে।
টরন্টোর অভিবাসন আইনজীবী লু জানসেন ড্যাংলাজান বলেন, সরকার ধরে নিচ্ছে সবাই নিয়ম মেনে চলে যাবে। কিন্তু বাস্তবে অনেকেই থেকে যাবেন এবং অনথিভুক্ত হয়ে পড়বেন। তিনি বলেন, “এটা প্রশাসনিকভাবে অসম্ভব। ২.১ মিলিয়ন মানুষকে ফেরত পাঠানো খুবই কঠিন।”
অভিবাসন পরামর্শক অমঞ্জিত কৌর ভার্মা বলেন, স্থায়ী বাসিন্দা হওয়ার প্রতিযোগিতা এখন অনেক বেশি। অনেকেই কানাডার স্বপ্নে সবকিছু বিক্রি করে এখানে এসেছেন। এখন তারা হতাশ হয়ে পড়ছেন। তিনি বলেন, “সংখ্যাগুলো মিলছে না। আবেদনকারীর সংখ্যা বাড়ছে, কিন্তু সুযোগ সীমিত।”
বিশেষজ্ঞরা মনে করছেন, কানাডার অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আসছে। ২০২৭ সালের মধ্যে অস্থায়ী বাসিন্দার সংখ্যা মোট জনসংখ্যার ৫ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। তবে এর ফলে হাজার হাজার মানুষের জীবন অনিশ্চয়তায় পড়বে।
logo-1-1740906910.png)