অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭
জাপানের মাউন্ট ফুজির কাছের ফুজিয়োশিদা শহরে এ বছর চেরি ব্লসম উৎসব বাতিল করা হয়েছে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
প্রতি বছর বসন্তকালে চেরি ফুলের পূর্ণ বিকাশের সঙ্গে মাউন্ট ফুজির মনোরম দৃশ্য উপভোগ করতে হাজার হাজার পর্যটক ভিড় করেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে দর্শনার্থীর সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে। শহর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, চূড়ান্ত মৌসুমে প্রতিদিন প্রায় ১০ হাজার পর্যটক শহরে আসছেন। এর ফলে তীব্র যানজট, আবর্জনার সমস্যা এবং স্থানীয়দের ব্যক্তিগত জীবনে অনধিকার প্রবেশের মতো ঘটনা ঘটছে।
কিছু বাসিন্দা অভিযোগ করেছেন, পর্যটকরা অনুমতি ছাড়াই তাদের বাড়ির দরজা খুলে টয়লেট ব্যবহার করছেন, ব্যক্তিগত বাগানে প্রবেশ করছেন, এমনকি মলত্যাগও করছেন। এসব ঘটনায় স্থানীয়দের শান্ত জীবন হুমকির মুখে পড়েছে। মেয়র শিগেরু হোরিউচি বলেন, নাগরিকদের মর্যাদা ও বসবাসের পরিবেশ রক্ষার স্বার্থে ১০ বছর ধরে চলা এই উৎসব বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয়েছে।
২০১৬ সালে আরাকুরায়ামা সেনগেন পার্কে এই উৎসব শুরু হয়েছিল। পার্কের প্যাগোডা থেকে শহরের বিস্তৃত দৃশ্য দেখা যায়, যা ছবি তোলার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। দর্শনার্থীর সংখ্যা বাড়ানোর আশায় কর্তৃপক্ষ উৎসব চালু করেছিল। কিন্তু অতিরিক্ত পর্যটনের চাপ শহরের ধারণক্ষমতাকে ছাড়িয়ে গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়েনের দুর্বলতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্ট জনপ্রিয়তা দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। উৎসব বাতিল হলেও এপ্রিল ও মে মাসে পর্যটকের সংখ্যা বাড়তে পারে বলে শহরটি প্রস্তুতি নিচ্ছে।
এ ধরনের পদক্ষেপ জাপানে প্রথম নয়। ২০২৪ সালে ফুজিকাওয়াগুচিকো শহরে খারাপ আচরণকারী পর্যটকদের নিরুৎসাহিত করতে একটি বিখ্যাত ছবি তোলার স্থানের সামনে বড় কালো ব্যারিকেড বসানো হয়েছিল। স্থানীয়রা অভিযোগ করেছিলেন, পর্যটকেরা আবর্জনা ফেলছেন এবং অবৈধভাবে গাড়ি পার্ক করছেন।
অতিরিক্ত পর্যটনের চাপ মোকাবেলায় শুধু জাপান নয়, ইউরোপেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতালির রোমে বিখ্যাত ত্রেভি ফাউন্টেন এলাকায় প্রবেশের জন্য সম্প্রতি দুই ইউরো ফি চালু করা হয়েছে। ভেনিসে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে নির্দিষ্ট দিনে শহর ভ্রমণে আগাম বুকিং করলে পাঁচ ইউরো এবং শেষ মুহূর্তে বুকিং করলে ১০ ইউরো দিতে হবে।
logo-1-1740906910.png)