Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ভিসা স্থগিতাদেশ সরাতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:২৭

ভিসা স্থগিতাদেশ সরাতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫টি দেশের ওপর অভিবাসী ভিসা প্রক্রিয়ায় স্থগিতাদেশ তুলে নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিয়ো ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নয়েমকে চিঠি দিয়েছেন ৭৫ জন কংগ্রেসম্যান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে বিশ্বের প্রায় ৪০ শতাংশ মানুষ অভিবাসী ভিসার আওতায় পড়েছেন। কংগ্রেসম্যানরা বলছেন, এত বড় জনগোষ্ঠীকে উপেক্ষা করা অমানবিক।  

এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাসের চেয়ার কংগ্রেসওম্যান গ্রেস মেংসহ ৭৫ জন কংগ্রেসম্যান বৃহস্পতিবার দেওয়া চিঠিতে ভিসা কার্যক্রমে স্থগিতাদেশ উঠিয়ে নেওয়ার আহ্বান জানান। তাদের মতে, স্থগিতাদেশের কারণে ভিসাধারী ১ লাখ ৩৫ হাজারের বেশি এশিয়ান-আমেরিকান যুক্তরাষ্ট্রে ফিরতে পারছেন না।  

চিঠিতে বলা হয়, বিদ্যমান নিয়ম মেনে যারা পারিবারিক, ব্যবসায়িক, বিনিয়োগ বা চাকরির সূত্রে যুক্তরাষ্ট্রে আসার অপেক্ষায় রয়েছেন, তাদের বলা হচ্ছে ‘সঠিক উপায়ে আসতে’। অথচ তারা সব নিয়ম মেনে আবেদন করেছেন। নিষেধাজ্ঞার ফলে আইনি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে প্রবেশে আগ্রহীদের বাধা দেওয়া হচ্ছে, যা কংগ্রেসম্যানদের মতে “নির্দয় আচরণ।”  

গত ২১ জানুয়ারি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া, ইরান, থাইল্যান্ড, ব্রাজিল, কুয়েত, সোমালিয়া, নাইজেরিয়া, ইয়েমেন, ইরাকসহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে অগ্রহণযোগ্য হারে কল্যাণভাতা গ্রহণ করেন, তাদের ভিসা প্রক্রিয়া স্থগিত থাকবে।  

‘পাবলিক চার্জ’ নিয়মের অধীনে কনস্যুলার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে নিজের খরচে জীবনযাপন করতে পারবেন কিনা তা যাচাই করতে। যদি মনে হয় আবেদনকারী সরকারি সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে উঠবেন, তবে তার ভিসা বাতিল করা হবে।  

গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সব দূতাবাসকে ‘পাবলিক চার্জ’ বিধান কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দেয়। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। এর অংশ হিসেবে ব্যাপক আকারে ভিসা দেওয়া বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।  

কংগ্রেসম্যানদের চিঠি এখন মার্কিন প্রশাসনের ওপর চাপ বাড়িয়েছে। তারা বলছেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই তাদের প্রতি এমন আচরণ যুক্তরাষ্ট্রের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

Logo