পর্যটন খাতে বিদেশি কর্মীদের জন্য মৌসুমি কাজের আবাসিক অনুমতিপত্রের আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় শর্ত প্রকাশ করেছে গ্রিস। দেশটির E-6 ক্যাটাগরির এই অনুমতিপত্রের মাধ্যমে যোগ্য বিদেশি কর্মীরা ১২ মাসের মধ্যে সর্বোচ্চ ৯ মাস পর্যন্ত বসবাস ও কাজ করতে পারবেন। আবেদন করতে সরকারি ফি দিতে হবে ৯১ ইউরো। পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করার সুযোগ রয়েছে।
গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রশাসনিক সেবা নিবন্ধনে প্রকাশিত তথ্য অনুযায়ী, পর্যটন খাতে মৌসুমি কাজের জন্য এই অনুমতিপত্র দেয়া হয়। আবেদন জমা দেয়ার পর প্রক্রিয়া সম্পন্ন হতে আনুমানিক ৫০ থেকে ৮০ দিন সময় লাগতে পারে।
কারা আবেদন করতে পারবেন?
এই অনুমতিপত্রের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, আবেদনকারীকে আগে মৌসুমি কাজের জন্য গ্রিসের জাতীয় ভিসা নিতে হবে এবং কাজের অনুমোদনের ভিত্তিতে দেশটিতে প্রবেশ করতে হবে। অর্থাৎ বাংলাদেশে অবস্থান করে শুধু E-6 অনুমতিপত্রের জন্য আবেদন করলেই গ্রিসে কাজের সুযোগ পাওয়া যাবে না।
আবেদনকারীর গ্রিসে বৈধ নিয়োগকর্তার সাথে স্বাক্ষরিত মৌসুমি কাজের চুক্তি থাকতে হবে। চুক্তিতে কাজের ধরন, কর্মস্থল, শুরুর তারিখ, কাজের মেয়াদ, সাপ্তাহিক বা মাসিক কর্মঘণ্টা এবং বেতনের পরিমাণ উল্লেখ করতে হবে। বেতন কোনোভাবেই অদক্ষ কর্মীর জন্য নির্ধারিত মজুরির চেয়ে কম হতে পারবে না।
এছাড়া আবেদনকারীর কার্যকর স্বাস্থ্যবিমা থাকতে হবে এবং জাতীয় ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই আবাসিক অনুমতিপত্রের আবেদন জমা দিতে হবে। জনস্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত শর্তও পূরণ করতে হবে।
আবেদন ফি ৯১ ইউরো
গ্রিসের সরকারি তথ্য অনুযায়ী, E-6 অনুমতিপত্রের জন্য মোট ফি ৯১ ইউরো। এর মধ্যে ৭৫ ইউরো আবাসিক অনুমতিপত্রের আবেদন ফি এবং ১৬ ইউরো ইলেকট্রনিক অনুমতিপত্রের মুদ্রণসংক্রান্ত খরচ।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে বৈধ পাসপোর্ট ও মৌসুমি কাজের ভিসা, নিয়োগকর্তার সাথে স্বাক্ষরিত কর্মচুক্তি, স্বাস্থ্যবিমার প্রমাণ এবং সাম্প্রতিক রঙিন ছবি। পাশাপাশি কর্মীর উপযুক্ত আবাসনের ব্যবস্থা এবং প্রয়োজন হলে দেশে ফেরার ব্যয় বহনের বিষয়ে নিয়োগকর্তার ঘোষণাপত্র জমা দিতে হয়। নিয়োগকর্তার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ব্যবসাসংক্রান্ত নথিও প্রয়োজন হতে পারে।
১২ মাসে সর্বোচ্চ ৯ মাস কাজের সুযোগ
E-6 অনুমতিপত্র পাওয়া কর্মীরা প্রতি ১২ মাসের মধ্যে সর্বোচ্চ ৯ মাস গ্রিসে বসবাস ও কাজ করতে পারবেন। বাকি তিন মাস তাদের দেশটির বাইরে থাকতে হবে। ফলে এটি স্থায়ী বসবাস বা দীর্ঘমেয়াদি কর্মভিসা নয়; নির্দিষ্ট সময়ের জন্য পর্যটন খাতে মৌসুমি কাজের অনুমতি।
গ্রিসের পর্যটন খাতে কাজ করতে আগ্রহী বাংলাদেশিদের জন্য এ ধরনের সুযোগ সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। তবে আবেদন করার আগে গ্রিক নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির চুক্তি এবং প্রয়োজনীয় মৌসুমি কাজের ভিসা নিশ্চিত করতে হবে। শুধু অনলাইন আবেদন বা নির্ধারিত ফি পরিশোধ করলেই কাজের অনুমতি পাওয়া যাবে না।
গ্রিসের সরকারি নিবন্ধনে প্রকাশিত তথ্য অনুযায়ী, আবেদন প্রত্যাখ্যাত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রশাসনিক আপিল বা পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ রয়েছে।
logo-1-1740906910.png)