Logo
×

Follow Us

ইউরোপ

গ্রিসে ৬ হাজারের বেশি বাংলাদেশি আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৭:৫৭

গ্রিসে ৬ হাজারের বেশি বাংলাদেশি আটক

উন্নত জীবনের আশায় অবৈধ ও ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপের দেশ গ্রিসে পাড়ি জমিয়ে চরম বিপাকে পড়েছেন হাজার হাজার বাংলাদেশি। গ্রিসে পৌঁছানোর পর আশ্রয় আবেদনকারী ছয় হাজারের বেশি বাংলাদেশি দেশটির বিভিন্ন আটককেন্দ্রে বন্দি রয়েছেন। 

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে সমুদ্রপথে গ্রিসে পৌঁছেছেন ৬ হাজার ১৫০ জন বাংলাদেশি, যদিও এথেন্সের সংশ্লিষ্ট সূত্র মনে করছে প্রকৃত সংখ্যা আরো বেশি। অন্যদিকে লেরোস, কোস, সামোস ও লেসবোসের দ্বীপকেন্দ্রগুলোতে থাকা কয়েকজন অভিবাসীর দাবি, আট হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন দ্বীপে আটকা আছেন। 

এথেন্সের বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে দেশটিতে আশ্রয় চেয়ে আবেদনকারীদের মধ্যে দুই হাজার বাংলাদেশির আটক থাকার বিষয়টি গত সপ্তাহে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে গ্রিক সরকার। আটক বাকিদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে, সে প্রক্রিয়া শেষ হওয়ার পর গ্রিক সরকার বাংলাদেশ দূতাবাসকে অবহিত করবে।

ঢাকার সরকারি একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকারও গ্রিস থেকে একটি প্রতিবেদন পেয়েছে, যাতে অনিয়মিত পথে গ্রিসে গিয়ে অনেক বাংলাদেশির রাজনৈতিক আশ্রয় চাওয়ার কথা উঠে এসেছে।

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে বা বেকারত্ব থেকে মুক্তি পেতে তরুণরা মূলত জীবনের ঝুঁকি নিয়ে এই বিপজ্জনক পথ বেছে নিচ্ছেন। অনেক প্রবাসী বা দালালের প্ররোচনায় পড়ে জমি বিক্রি কিংবা চড়া সুদে ঋণ নিয়ে ১৪ থেকে ২৬ লাখ টাকা পর্যন্ত দালালদের হাতে তুলে দিচ্ছেন এসব তরুণ। পরবর্তী সময়ে উত্তর আফ্রিকার উপকূল থেকে অতিরিক্ত যাত্রীবোঝাই রাবারের নৌকায় ৪৬ ঘণ্টা বা তারও বেশি সময় ধরে সাগর পাড়ি দিয়ে তারা গ্রিসের জলসীমায় পৌঁছান। গ্রিসে পৌঁছানোর পরপরই অভিবাসী ও পুলিশি তদারকিতে তাদের বিভিন্ন দ্বীপের কঠোর নিরাপত্তাবেষ্টিত আটককেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

গ্রিক সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর নিয়মানুযায়ী, বর্তমানে বাংলাদেশসহ বেশ কিছু দেশকে নিরাপদ উৎস দেশের তালিকায় রাখা হয়েছে। ফলে সমুদ্রপথে অবৈধভাবে প্রবেশ করে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলেও বেশির ভাগ বাংলাদেশির আবেদন নাকচ হয়ে যাচ্ছে। 

কূটনৈতিক ও সরকারি সূত্রে জানা গেছে, আশ্রয়ের আবেদন করে সুরক্ষা পাওয়ার হার এক শতাংশেরও কম। গ্রিক কর্তৃপক্ষ আটককৃতদের অনেককে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তাব দিচ্ছে এবং যারা ফিরতে চান তাদের প্রক্রিয়াগত সহায়তাও দেয়া হচ্ছে।

এদিকে গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা জানিয়েছেন, বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করায় এখন বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন সহজে গৃহীত হচ্ছে না। দূতাবাসের হিসাবে গ্রিসে প্রায় ২৪ হাজার বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন এবং সমঝোতা অনুযায়ী বছরে সর্বোচ্চ চার হাজার কর্মী যাওয়ার সুযোগ থাকলেও প্রশাসনিক ও ভিসা জটিলতায় দুই বছরে ৫০০ জনেরও কম কর্মী ওই পথে যেতে পেরেছেন। দেশে বেকারত্ব, চাকরি পেতে অর্থের চাহিদা এবং আগে যাওয়া স্বজনদের আয় ও ঝুঁকি নেওয়ার প্ররোচনায় পড়ে জীবনের ঝুঁকি নিয়ে এই পথে পা বাড়াচ্ছেন অনেকে, ফলে আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনা বা ভবিষ্যৎ নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

Logo