ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকারের নতুন শিক্ষানীতি ও বৈষম্যের অভিযোগ তুলে রাজধানী রোমে বিক্ষোভ করেছেন অভিবাসী পরিবার, শিক্ষার্থী ও মানবাধিকারকর্মীরা। রোববার রোমের তরপিনাত্তারা এলাকায় অনুষ্ঠিত এ সমাবেশ থেকে অভিবাসীদের অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিক্ষোভকারীরা সরকারের বিতর্কিত ‘স্কুল ডিক্রি’ প্রত্যাহারের আহ্বান জানান। তাদের অভিযোগ, নতুন শিক্ষানীতির কিছু প্রস্তাব অভিবাসী পরিবার ও বিদেশি শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সমাবেশে এক অভিবাসী প্রতিনিধি বলেন, ইতালির উন্নয়নে অভিবাসী পরিবারগুলোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ সরকারের বিভিন্ন সিদ্ধান্ত তাদের সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন করার ঝুঁকি তৈরি করছে। স্কুলে বোরকা নিষিদ্ধ করা কিংবা বিদেশি শিক্ষার্থীদের সংখ্যার ওপর সীমা আরোপের উদ্যোগ ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি।
বিক্ষোভে অংশ নেওয়া অভিভাবক ও আয়োজকরা জানান, সরকার বিতর্কিত সিদ্ধান্তগুলো থেকে সরে না এলে দেশজুড়ে বৃহত্তর সামাজিক ও আইনি আন্দোলন গড়ে তোলা হবে। তাদের দাবি, ইতালির শিক্ষাব্যবস্থায় সব শিক্ষার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং অভিবাসী পরিবারগুলোর অধিকার ও নিরাপত্তা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
logo-1-1740906910.png)
