ইতালির রোমে শিক্ষানীতির প্রতিবাদে রাজপথে ২০ হাজার শিক্ষার্থী
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৯:৪২
ইতালির রাজধানী রোমে সরকারি শিক্ষা ব্যবস্থার সংকট, বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন সংস্কার এবং শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো শিক্ষার্থী। ১৬ অক্টোবর ‘নো মেলোনি ডে’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের শিক্ষানীতির বিরোধিতা করেন আন্দোলনকারীরা।
আয়োজকদের দাবি, রোমের মিছিলে প্রায় ২০ হাজার শিক্ষার্থী অংশ নেন। ইতালির তুরিন, মিলান, জেনোয়া, ভেনিস, ফ্লোরেন্সসহ বিভিন্ন শহরেও একই দিনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সকালে রোমের বিভিন্ন স্থান থেকে মিছিল শুরু হয়ে ঐতিহাসিক কেন্দ্রের সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের দিকে অগ্রসর হয়। শিক্ষার্থীদের ব্যানার ও স্লোগানে উঠে আসে শিক্ষা খাতে অর্থ বরাদ্দ বাড়ানো এবং সামরিক ব্যয় কমানোর দাবি। তাদের স্লোগান ছিল, ‘স্কুলের জন্য অর্থ, যুদ্ধের জন্য নয়’ এবং ‘অস্ত্র কমাও, অধিকার বাড়াও’।
আন্দোলনকারীদের অভিযোগ, অনেক বিদ্যালয়ের ভবন ও শ্রেণিকক্ষ জরাজীর্ণ, শিক্ষকসংকট রয়েছে এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না। তারা বিদ্যালয় সংস্কার, শ্রেণিকক্ষের উন্নয়ন, শিক্ষকদের কর্মপরিবেশের উন্নতি এবং শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভ চলাকালে কয়েকটি স্থানে উত্তেজনা দেখা দেয়। কিছু বিক্ষোভকারী রাস্তায় বাধা সৃষ্টি করেন এবং পুলিশের দিকে আতশবাজি ও অন্যান্য বস্তু নিক্ষেপ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের সামনেও বোতল, ডিমসহ বিভিন্ন বস্তু নিক্ষেপের ঘটনা ঘটে।
এই কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীরা শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি, সরকারি বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষানীতিতে পরিবর্তনের দাবি জানিয়েছেন। তাদের দাবির বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।
logo-1-1740906910.png)
