Logo
×

Follow Us

ইউরোপ

২০২৭ সালে ইউরোপ ভ্রমণের সেরা ১০ গন্তব্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫

২০২৭ সালে ইউরোপ ভ্রমণের সেরা ১০ গন্তব্য

২০২৭ সালের জন্য ইউরোপে ভ্রমণের সেরা গন্তব্য ও অভিজ্ঞতার নাম ঘোষণা করা হয়েছে। লোনলি প্ল্যানেট তাদের বার্ষিক বেস্ট ইন ট্রাভেল এ তালিকা প্রকাশ করেছে। ভ্রমণপ্রেমীদের জন্য এটি যেন আগাম ছুটির পরিকল্পনার মানচিত্র।

ইতালির ভেনিস সব সময় আলোচনায় থাকে। কিন্তু এবার তালিকায় জায়গা পেয়েছে ভেরোনা ও পাদুয়া। ডলোমাইটস পাহাড় আর লেক গার্দার সৌন্দর্যও ভ্রমণকারীদের জন্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

ক্রোয়েশিয়ার প্রাচীন শহর শিবেনিকও তালিকায় এসেছে। এখানে রয়েছে চমৎকার স্থাপত্য, সুস্বাদু খাবার আর সারা বছরজুড়ে উৎসবের আয়োজন।

স্পেনে অতিরিক্ত পর্যটনের চাপ নিয়ে অনেক আলোচনা হলেও উত্তরাঞ্চলের লিওন শহর পর্যটকদের স্বাগত জানাচ্ছে। মধ্যযুগীয় এই শহরে রয়েছে গথিক স্থাপত্য আর গাউদির নকশা করা কাসা বোটিনেস।

সুইডেনের স্কানে প্রদেশের সানর-ফালস্টারবো, যাকে বলা হয় সুইডিশ রিভিয়েরা, তালিকায় জায়গা পেয়েছে। এখানে সমুদ্রতট, প্রকৃতি সংরক্ষণ এলাকা আর ধীর গতির জীবন ভ্রমণকারীদের আকর্ষণ করছে।

জার্মানির ছোট শহর ডেসাওও তালিকায় এসেছে। এটি বাউহাউস আন্দোলনের জন্য বিখ্যাত। ছোট শহর হলেও সাংস্কৃতিক গুরুত্ব অনেক।

অভিজ্ঞতার তালিকায় রয়েছে স্কটল্যান্ড থেকে ইংল্যান্ডের নর্থাম্বারল্যান্ড পর্যন্ত ১০০ কিলোমিটারের ঐতিহাসিক তীর্থপথ সেন্ট কুথবার্টস ওয়ে। মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আর ইতিহাসের মিশ্রণে এটি ভ্রমণকারীদের জন্য বিশেষ অভিজ্ঞতা।

ফ্রান্সের বিখ্যাত রুট নেপোলিয়ন ২০২৭ সালে ৯৫তম বর্ষপূর্তি উদযাপন করবে। গ্রাস, কাস্তেলান ও সিস্টেরনের মতো শহর পেরিয়ে এই পথ ভ্রমণকারীদের নিয়ে যায় ইতিহাসের ভেতর দিয়ে।

ইতালির আইওলিয়ান দ্বীপপুঞ্জে পালতোলা নৌকায় ভ্রমণের পরামর্শ দিয়েছে লোনলি প্ল্যানেট। খাড়া উপকূল, স্বচ্ছ জল আর আসল ইতালীয় জীবনধারা এখানে ভ্রমণকারীদের অপেক্ষায়।

গ্রিসের এজিয়ান সাগরে ডুব দিয়ে পাওয়া যাবে শতাব্দীর সামুদ্রিক ইতিহাস।

লোনলি প্ল্যানেটের তালিকা ইউরোপে ভ্রমণকারীদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে। ইতিহাস, প্রকৃতি, সংস্কৃতি আর অভিজ্ঞতার মিশ্রণে ২০২৭ সাল হতে যাচ্ছে ভ্রমণের জন্য এক রঙিন বছর।

Logo