Logo
×

Follow Us

ইউরোপ

সেউটার অভিবাসন সংকটে বাড়ছে বৈষম্য ও উগ্রতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২

সেউটার অভিবাসন সংকটে বাড়ছে বৈষম্য ও উগ্রতা

স্পেনের সেউটায় জুলাইয়ের শেষ দিকে অভিবাসীদের ঢল নামার পর থেকে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। জনসেবা ও নিরাপত্তা নিয়ে বিতর্কের পাশাপাশি অভিবাসীদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ, হামলা ও শত্রুতার খবর পাওয়া যাচ্ছে।

মাদ্রিদে এসওএস রাসিসমো, মাইগ্রান্তেস ট্রান্সগ্রেসরক্স ও বর্ডার রেজিস্ট্যান্স সংগঠনগুলো একত্র হয়ে প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে, সেউটা ও মেলিলায় অভিবাসীদের বিরুদ্ধে “বর্ণবাদী ও ঔপনিবেশিক সহিংসতা” চলছে। তাদের স্লোগান ছিল— “আর নয় দমন, আর নয় বৈষম্য।”

এসওএস রাসিসমোর মুখপাত্র মেহদি এলিয়াস জানিয়েছেন, জুলাই থেকে আগস্টের মধ্যে বর্ণবাদ ও ইসলামোফোবিয়ার ঘটনা ৭০ শতাংশ বেড়েছে। বিশেষ করে শিশু ও দুর্বল অবস্থায় থাকা অভিবাসীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

সেউটায় অভিবাসীদের তাঁবুতে হামলা হয়েছে। গত মাসে প্রতিবাদকারীরা অভিবাসীদের থাকার জায়গায় গিয়ে সংঘর্ষ বাধায়। কারও কারও জিনিসপত্র পুড়িয়ে দেওয়া হয়। ১১ সেপ্টেম্বর লাস নাভেস দেল তারাহাল এলাকায় আগুনে অন্তত ৪০টি তাঁবু ও আশ্রয় ধ্বংস হয়। সেখানে পরিবার ও শিশু থাকত। এক সপ্তাহ আগে মুখোশধারীরা পাথর ছুড়ে একটি ছয় বছরের শিশুকে আহত করে।

শত্রুতা শুধু অভিবাসীদের নয়, স্থানীয়দেরও আঘাত করছে। এল পাইস জানিয়েছে, সেউটায় জন্ম নেওয়া ১৩ বছরের এক মেয়েকে অভিবাসী ভেবে বর্ণবাদী গালি দেওয়া হয়েছে।

এই বৈষম্য অনলাইনে আরো বিস্তৃত হয়েছে। স্পেনের বর্ণবাদ ও বিদেশি বিদ্বেষ পর্যবেক্ষণ কেন্দ্র (ওবেরাক্সে) জানিয়েছে, জুলাইয়ের শেষ দিকে অভিবাসীদের ঢলের সময় মাত্র দুই দিনে ৯ হাজার ৫৯০টি ঘৃণাবার্তা শনাক্ত করা হয়েছে। জুলাই মাসে মোট ৫৭ হাজারের বেশি ঘৃণাবার্তা পাওয়া গেছে, যা জুনের তুলনায় অনেক বেশি। আগস্টে সংখ্যা আরো বেড়ে দাঁড়িয়েছে এক লাখের বেশি। এর মধ্যে ৩৯ শতাংশ সেউটার সীমান্ত অতিক্রমের সঙ্গে যুক্ত।

ওবেরাক্সে জানিয়েছে, আগস্টে বিশ্লেষিত বার্তার ৫৮ শতাংশে ছিল আক্রমণাত্মক ভাষা- গালি, হুমকি ও অপমান। বেশির ভাগ বার্তা উত্তর আফ্রিকার অভিবাসীদের লক্ষ্য করে লেখা হয়েছে।

দিনশেষে সেউটার অভিবাসন সংকট এখন আর শুধু মানবিক নয়, সামাজিক ও রাজনৈতিক সংকটেও রূপ নিয়েছে। অভিবাসীদের বিরুদ্ধে বৈষম্য ও শত্রুতা বাড়ছে, আর অনলাইনে ঘৃণাবার্তা ছড়িয়ে পড়ছে দাবানলের মতো।

Logo