রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২
রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগের জন্য চালু হওয়া নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়ার্ক ইন রোমানিয়া প্রথম মাসেই ব্যাপক সাড়া পেয়েছে। গত ৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্ল্যাটফর্মটিতে ১ হাজার ৭৬২টি আবেদন নিবন্ধিত হয়েছে।
দেশটির জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) জানিয়েছে, নিবন্ধিত আবেদনগুলোর মধ্যে ৪৫৭টি তাদের কাছে পৌঁছেছে। যাচাই-বাছাই শেষে ৫৭টি আবেদন অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ২২টি জমা দিয়েছে কর্মী নিয়োগকারী এজেন্সি, ৪টি অনুমোদিত নিয়োগকর্তা এবং ৩১টি রোমানিয়ায় নিবন্ধিত নিয়োগকর্তা।
অন্যদিকে এক হাজার ২০৭টি আবেদন এখনো আবেদনকারীদের তথ্য পূরণ বা সংশোধনের পর্যায়ে রয়েছে। অর্থাৎ এগুলো আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়নি।
নতুন প্ল্যাটফর্মটি আবেদন শুরু থেকে নথি জমা, তথ্য পূরণ, সরকারি যোগাযোগ এবং প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত সব ধাপকে একত্রিত করেছে। এর ফলে প্রচলিত প্রশাসনিক জটিলতা কমছে, নথিপত্রের অভিন্ন ব্যবস্থাপনা হচ্ছে এবং প্রতিটি আবেদনের অগ্রগতি সহজে পর্যবেক্ষণ করা যাচ্ছে।
আইজিআই জানিয়েছে, তারা আইন অনুযায়ী নির্ধারিত যাচাই-বাছাইয়ের ধাপগুলো অনুসরণ করছে। ডিজিটালাইজেশনের ফলে প্রশাসন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ আরো সহজ হয়েছে। তবে অভিবাসন-সংক্রান্ত আবেদন যাচাইয়ের মানদণ্ড কমানো হয়নি।
আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ব্যবহারকারীদের সঠিকভাবে তথ্য পূরণ এবং প্রয়োজনীয় নথি আপলোড করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
আগে বিদেশি কর্মী নিয়োগের জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হতো। একই নথি একাধিকবার জমা দিতে হতো। এতে সময় লাগত বেশি। নতুন প্ল্যাটফর্মে সব প্রক্রিয়া একত্রিত হওয়ায় আবেদনকারীরা একটি অ্যাকাউন্ট থেকেই নথি জমা, সরকারি যোগাযোগ গ্রহণ এবং অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারছেন।
সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগকর্তা ও এজেন্সিগুলোর প্রশাসনিক কাজ সহজ হয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান দ্রুত ও নিরাপদ হয়েছে। প্ল্যাটফর্মে নির্দিষ্ট ব্যক্তিদের দায়িত্ব দেওয়া যাবে এবং ইলেকট্রনিক স্বাক্ষর ব্যবহার করা যাবে।
পরবর্তী ধাপে একই প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি ভিসা ও রেসিডেন্স পারমিট নবায়নের আবেদনও করা যাবে। ধীরে ধীরে অভিবাসন খাতের অন্যান্য ডিজিটাল সেবাও যুক্ত হবে।
logo-1-1740906910.png)