জার্মানির অপরচুনিটি কার্ডে ৮ দেশের নাগরিকদের লাগবে না ভিসা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২
জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তৈরি করা নতুন ভিসা ব্যবস্থা অপরচুনিটি কার্ড নিয়ে বিশেষ সুবিধা পাচ্ছেন আট দেশের নাগরিকরা। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইসরায়েল, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবেন। তবে বাংলাদেশসহ অন্যান্য দেশের নাগরিকদের আগে থেকেই ভিসা নিতে হবে।
ভিসামুক্ত প্রবেশ মানে এই নয় যে পৌঁছানোর পর স্বয়ংক্রিয়ভাবে অপরচুনিটি কার্ড পাওয়া যাবে। আবেদনকারীদের অবশ্যই জার্মান সরকারের নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।
জার্মানিতে পৌঁছানোর পর প্রথমে বাসস্থানের ঠিকানা নিবন্ধন করতে হয়। দুই সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর ৯০ দিনের মধ্যে স্থানীয় অভিবাসন দপ্তরে বসবাসের অনুমতির জন্য আবেদন করতে হবে। বড় শহরে সাক্ষাতের সময় পেতে দেরি হতে পারে বলে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে নিয়ম আলাদা। তাদের জার্মানিতে যাওয়ার আগে অপরচুনিটি কার্ডের ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা ছাড়া প্রবেশ করে পরে আবেদন করার সুযোগ নেই।
অপরচুনিটি কার্ড মূলত ইউরোপীয় ইউনিয়নের বাইরের দক্ষ কর্মীদের জন্য। আগে থেকেই চাকরির চুক্তি না থাকলেও নির্ধারিত শর্ত পূরণ করলে জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ পাওয়া যায়। সাধারণত কার্ড এক বছরের জন্য দেওয়া হয়।
যোগ্যতা অর্জনের দুটি পথ রয়েছে। প্রথমত, আবেদনকারীর জার্মানিতে স্বীকৃত বিদেশি ডিগ্রি বা পেশাগত যোগ্যতা থাকতে হবে। দ্বিতীয়ত, পয়েন্টভিত্তিক ব্যবস্থায় অন্তত ৬ পয়েন্ট অর্জন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, ভাষাজ্ঞান, বয়স ও কাজের অভিজ্ঞতা পয়েন্ট নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুধু যোগ্যতা থাকলেই কার্ড পাওয়া যায় না। আবেদনকারীদের আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হয়। সরকারি তথ্য অনুযায়ী, মাসে অন্তত ১ হাজার ৯১ ইউরো সমপরিমাণ অর্থের ব্যবস্থা থাকার প্রমাণ দেখাতে হবে।
অপরচুনিটি কার্ডধারীরা সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা খণ্ডকালীন কাজ করতে পারবেন। পাশাপাশি সম্ভাব্য চাকরির উপযুক্ততা যাচাইয়ের জন্য পরীক্ষামূলক কাজের সুযোগও থাকবে।
তবে ভিসামুক্ত প্রবেশের সুবিধা সীমিত কয়েকটি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য। বাংলাদেশিদের জন্য ভিসা নেওয়া বাধ্যতামূলক। জার্মান সরকার বলছে, দক্ষ কর্মীর ঘাটতি পূরণে বিদেশি কর্মীদের আকৃষ্ট করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
logo-1-1740906910.png)