স্লোভাকিয়ায় মানব পাচার চক্র ধরা, ৭ হাজার ডলারে সীমান্ত পার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬
ইউক্রেনের ট্রান্সকারপাথিয়া অঞ্চলে মানব পাচারের একটি চক্র উন্মোচন করেছে সীমান্তরক্ষী বাহিনী। স্লোভাকিয়ার সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা চলছিল বলে তদন্তে জানা গেছে। এ ঘটনায় দুই ইউক্রেনীয় নাগরিককে আটক করা হয়েছে।
সীমান্তরক্ষী ইউনিটের সদস্যরা উঝহোরোদ জেলার অনোকিভৎসি গ্রামের কাছে এ চক্রের কার্যক্রম শনাক্ত করেন। তদন্তে জানা গেছে, ২৩ বছর বয়সী এক যুবক এ চক্রের মূল সংগঠক। তিনি ২৮ বছর বয়সী এক সহযোগীকে যুক্ত করেন, যার দায়িত্ব ছিল পাচারের জন্য লোক পরিবহন, অর্থ সংগ্রহ এবং আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হলে কীভাবে আচরণ করতে হবে সে বিষয়ে নির্দেশনা দেওয়া।
মানব পাচারকারীরা সামাজিক মাধ্যম ব্যবহার করে আগ্রহী ব্যক্তিদের খুঁজে বের করছিলেন। অবৈধভাবে সীমান্ত পারাপারের জন্য প্রতিজনের কাছ থেকে ৭ হাজার ডলার নেওয়া হতো। আইনশৃঙ্খলা বাহিনী পাচারের অর্থ লেনদেনের কিছু অংশ নথিভুক্ত করেছে।
জরুরি তল্লাশি ও অভিযান চালিয়ে কর্তৃপক্ষ ৩ হাজার ২০০ ডলার নগদ অর্থ, তিনটি মোবাইল ফোন এবং পাচারে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে। আটক দুই ব্যক্তিকে অস্থায়ী আটক কেন্দ্রে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। আদালতের আদেশে তাদের ৬০ দিনের জন্য আটক রাখা হয়েছে, তবে জামিনের সুযোগ রাখা হয়েছে।
মানব পাচারের এ চক্রের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। আইনশৃঙ্খলা বাহিনী পাচারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে। ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, এ ধরনের অবৈধ কার্যক্রম সীমান্ত নিরাপত্তার জন্য বড় হুমকি।
এর আগে ইউক্রেনের ওডেসা অঞ্চলেও একই ধরনের একটি চক্র ধরা পড়ে। সেখানে চারজন স্থানীয় বাসিন্দা, যাদের মধ্যে দুইজন নারীও ছিলেন, পুরুষ পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তারা ড্রাফট বয়সী পুরুষদের অবৈধভাবে সীমান্ত পার করানোর পরিকল্পনা করেছিলেন।
logo-1-1740906910.png)