বাঁধনের ওপর হামলা: রোমে দূতাবাসে ডায়াসপোরা অ্যালায়েন্সের স্মারকলিপি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৯
ইতালিতে প্রবাসী বাংলাদেশি অভিনেত্রী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশকারী জুলাই যোদ্ধা আজমেরী হক বাঁধনের ওপর আকস্মিক হামলার তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে ‘এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, ইতালি’। একই সাথে ওই হামলায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার দাবি জানিয়ে বাংলাদেশ দূতাবাস, রোমে এক স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর, ২০২৬) এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, ইতালির আহ্বায়ক রাসেল মুহাম্মদ স্বাক্ষরিত স্মারকলিপিটি আনুষ্ঠানিকভাবে রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত এ.টি.এম রফিকুল হকের নিকট হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর ইতালিতে অবস্থানকালীন সময়ে জুলাই বিপ্লবের অন্যতম কণ্ঠস্বর ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজমেরী হক বাঁধন এক অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হন। ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে নিজস্ব মেধা ও শ্রম দিয়ে সামাজিক ও অর্থনৈতিকভাবে দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। সেখানে প্রবাসের মাটিতে একজন প্রখ্যাত বাংলাদেশি নাগরিকের ওপর এরূপ জঘন্য হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তাই বিঘ্নিত করেনি, বরং পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সম্মান ও নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলে দিয়েছে।
পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রদূত সমীপে সংগঠনের পক্ষ থেকে ৪ দফা প্রস্তাব ও দাবি পেশ করা হয়:
আইনি ও প্রশাসনিক সহায়তা: রাষ্ট্রদূত কার্যালয়ের পক্ষ থেকে বাঁধনকে পূর্ণাঙ্গ আইনি ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করা এবং ইতালি প্রশাসনের সঙ্গে সার্বিক যোগাযোগ সমন্বয় করা।
হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি: ইতালি পুলিশের সহায়তায় হামলায় জড়িত সব অপরাধীকে শনাক্ত করে সে দেশের প্রচলিত আইনি কাঠামোর আওতায় কঠোরতম শাস্তির ব্যবস্থা করা।
কূটনৈতিক আইনি পদক্ষেপ: চিহ্নিত অপরাধীদের তথ্য-উপাত্ত আইনসম্মত উপায়ে সংগ্রহপূর্বক ঢাকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের মাধ্যমে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া।
প্রবাসীদের সার্বিক নিরাপত্তা: ইতালিসহ পৃথিবীর যে কোনো দেশে জুলাই যোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ প্রবাসীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত অভিযোগ গ্রহণ ও সমাধানের জন্য কার্যকর যোগাযোগ ব্যবস্থা চালু করা।
স্মারকলিপিতে সংগঠনটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, রাষ্ট্রদূত মহোদয়ের সুনির্দিষ্ট পদক্ষেপ ও অভিভাবকসুলভ ভূমিকায় প্রবাসীদের মাঝে দূতাবাসের প্রতি আস্থা বজায় থাকবে এবং ভুক্তভোগী আজমেরী হক বাঁধন দ্রুততম সময়ে ন্যায়বিচার পাবেন।
logo-1-1740906910.png)
