ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে অবস্থানকালে তাকে দেশদ্রোহী ও জঙ্গি আখ্যা দিয়ে আক্রমণের চেষ্টা চালানো হয়।
এ সময় বাঁধনের ভাইয়ের কোলে থাকা শিশুর সুরক্ষার কথা তুলে আকুতি জানালেও আক্রমণকারীরা তা উপেক্ষা করে।
৮ সেপ্টেম্বর মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে হাওলাদার মনিরুলের একটি ভিডিও শেয়ার করেন বাঁধন। ভিডিওতে দেখা যায়, বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দেওয়া হয়। একই সাথে আক্রমণকারীরা অন্যান্যদের বাঁধনের দিকে ডিম নিক্ষেপ করার উসকানি দিতে থাকে। এর আগে গত রোববার ভেনিসের একটি স্থানীয় পার্কে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
পরে লাইভে এসে বাঁধন জানান, আক্রমণকারীরা তাকে শারীরিকভাবে আক্রমণ করেছে এবং তার ভাইয়ের স্ত্রীকে ধাক্কা দেওয়া হয়েছে। এ সময় বাঁধনকে দমানো সহজ নয় বলে মন্তব্য করেন তিনি।
এমন আক্রমণের ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন আজমেরী হক বাঁধন। জানা গেছে, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটির বিশেষ প্রদর্শনী উপলক্ষে ভাই ও তার পরিবারের সঙ্গে ভেনিসে গেছেন বাঁধন।
উল্লেখ্য, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সম্মানজনক ‘অরিজন্তি’ বিভাগে প্রথম বাংলাদেশি ফিচার ফিল্ম হিসেবে ইতিহাস গড়ে প্রদর্শিত হয়েছে ছবিটি। গত ৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা সোয়া ২টায় 'সালা দারসেনা' থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
নারীকেন্দ্রিক এই প্রজেক্টটির মুখ্য চারটি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল।
logo-1-1740906910.png)
