ইতালিতে রেস্টুরেন্টে ছুরিকাঘাতে বাংলাদেশিসহ চারজন আহত
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৫
ইতালির সারদিনিয়া দ্বীপের ওলবিয়া শহরের একটি রেস্টুরেন্টে ডাকাতের ছুরিকাঘাতে বাংলাদেশিসহ চারজন আহত হয়েছেন। ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আইচি এশিয়ান ফিউশন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলজেরিয়ান বংশোদ্ভূত এক ব্যক্তি প্রথমে পাশের একটি বাঙালি পিৎজা-কাবাবের দোকানে ঢোকার চেষ্টা করে। সেখানে ব্যর্থ হয়ে সে রেস্টুরেন্টে ঢুকে দাবি করে, কয়েকজন তাকে হত্যার জন্য ধাওয়া করছে।
রেস্টুরেন্টের মালিকের স্ত্রী এলেনা তাকে নিরাপদ স্থানে যেতে বলেন এবং পুলিশে খবর দেওয়ার উদ্যোগ নেন। এ সময় ওই ব্যক্তি হঠাৎ ধারালো অস্ত্র বের করে এলেনার গলায় ধরে টাকা দাবি করে। প্রায় দুই থেকে তিন মিনিট তাকে ছুরি ঠেকিয়ে রেখে কেউ এগিয়ে এলে হত্যার হুমকি দেয়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, হামলাকারী নেশাগ্রস্ত ছিল।
এ সময় রেস্টুরেন্টের বাংলাদেশি কর্মী রায়হান ঘটনাস্থলে পৌঁছান। তিনি অন্যদের সঙ্গে মিলে এলেনাকে উদ্ধারের চেষ্টা করলে হামলাকারী রায়হানের ওপর ছুরি দিয়ে হামলা চালায়। এতে রায়হানের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে তিনি হামলাকারীর হাত থেকে ছুরিটি কেড়ে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় রায়হান ছাড়াও একজন নাইজেরিয়ান, একজন ইতালিয়ান ও একজন ব্রাজিলিয়ান নাগরিক আহত হন। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে ওলবিয়ার জিওভান্নি পাওলো টু হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে ৬ সেপ্টেম্বর সকালে তারা বাড়ি ফেরেন। আহতদের ১৪ দিনের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশ হামলাকারীকে আটক করেছে। ঘটনার তদন্ত চলছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
logo-1-1740906910.png)
