Logo
×

Follow Us

ইউরোপ

ইতালিতে বাংলাদেশির সততায় মুগ্ধ দুই পর্যটক

মালিক মনজুর, ইতালি

মালিক মনজুর, ইতালি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৭

ইতালিতে বাংলাদেশির সততায় মুগ্ধ দুই পর্যটক

ইতালির কাতানিয়া শহরে দুই পর্যটকের ভুলে ফেলে যাওয়া প্রায় ১০ হাজার ইউরো, বাংলাদেশি টাকায় আনুমানিক ১৫ লাখ টাকা এবং পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিয়েছেন মাদারীপুরের ইতালি প্রবাসী মো. ইরান শিকদার।

মঙ্গলবার ইতালি সময় বিকেল ৪টার দিকে উজবেকিস্তানের দুই পর্যটক কাতানিয়া শহরের ‘লা বারকা’ নামে একটি রেস্টুরেন্টে খাবার খেতে আসেন। খাবার শেষে কিছুক্ষণ পর তারা রেস্টুরেন্ট থেকে চলে যান। তবে মনের ভুলে তারা রেস্টুরেন্টে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ রেখে যান।

ব্যাগটিতে ছিল আনুমানিক ১০ হাজার ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় ১৫ লাখ টাকা, পাসপোর্টসহ জরুরি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র।

রেস্টুরেন্টে কর্মরত ওয়েটার ইরান শিকদার বিষয়টি লক্ষ করে ব্যাগটির মালিকদের আশপাশে খুঁজতে থাকেন। প্রায় এক ঘণ্টা পর ওই দুই পর্যটক আবার রেস্টুরেন্টে ফিরে আসেন।

মূল্যবান ব্যাগটি হারিয়ে হতাশ হয়ে পড়া দুই পর্যটক তাদের ব্যাগের খোঁজে রেস্টুরেন্টে ফিরে আসেন। পরে ইরান শিকদারের কাছ থেকে নগদ অর্থ, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ তাদের মূল্যবান ব্যাগটি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে তারা আনন্দিত হয়ে ওঠেন।

মুসলিম ধর্মাবলম্বী ওই দুই উজবেকিস্তানি পর্যটক ইরান শিকদারের সততা ও মানবিকতায় মুগ্ধ হয়ে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

এভাবে পর্যটকদের মূল্যবান ব্যাগ ও ব্যাগে থাকা সবকিছু সততার সঙ্গে ফিরিয়ে দিয়ে প্রবাসের মাটিতে সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মাদারীপুরের ইতালি প্রবাসী মো. ইরান শিকদার।

তিনি মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওমর আলী শিকদারের ছেলে। পাশাপাশি তিনি ইতালির সিসিলি প্রদেশে সাংবাদিকতা পেশার সঙ্গেও জড়িত রয়েছেন।

Logo