যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো জনপ্রিয় উচ্চশিক্ষা গন্তব্যে টিউশন ফি ও জীবনযাত্রার খরচ বাড়তে থাকায় এশিয়ার নানা দেশের শিক্ষার্থীরা নতুন নতুন গন্তব্য বেছে নিচ্ছেন। আর তাতে ইউরোপের তুলনামূলক কম খরচের দেশগুলো উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় হয়ে উঠছে। এই তালিকায় উঠে এসেছে অস্ট্রিয়া, মাল্টা, পর্তুগাল ও স্পেন।
কম টিউশন ফি, তুলনামূলক সাশ্রয়ী জীবনযাত্রা, ইংরেজি ভাষায় পড়ার সুযোগ এবং পড়াশোনা শেষে কাজের সুযোগ— এই চারটি কারণে দেশগুলো দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। অস্ট্রিয়ায় শিক্ষার্থীদের আবাসনের খরচ সাধারণত মাসে ২৫০ থেকে ১ হাজার ২০০ ইউরোর মধ্যে, মাল্টায় ২৫০ থেকে ১ হাজার ২০০ ইউরো এবং পর্তুগালে ১৫০ থেকে ১ হাজার ২০০ ইউরোর মধ্যে।
স্পেনে আবাসনের ধরন ও শহরভেদে খরচ সপ্তাহে প্রায় ২০০ থেকে ১ হাজার ৫০০ ইউরো পর্যন্ত হতে পারে। শিক্ষার ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়— অস্ট্রিয়ার ভিয়েনা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব মাল্টা, ইউনিভার্সিটি অব লিসবন ও ইউনিভার্সিটি অব পোর্টো, ইউনিভার্সিটি অব বারসেলোনা ও ইউনিভার্সিটি অব মাদ্রিদ। এসব বিশ্ববিদ্যালয়ে মেডিসিন, আর্কিটেকচার ও সোশ্যাল সায়েন্সের বিভিন্ন কোর্স জনপ্রিয়। পড়াশোনার পাশাপাশি অস্ট্রিয়া, মাল্টা, পর্তুগাল ও স্পেনে শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন।
পড়াশোনা শেষে অস্ট্রিয়ায় ১২ মাসের চাকরি খোঁজার জন্য রেসিডেন্সি পারমিট, মাল্টায় এক বছরের ইন্টারনশিপ ভিসা যা চাকরির অফার পেলে বাড়ানো যায়, পর্তুগালে সর্বোচ্চ ১৮ মাসের কাজের খোঁজে রেসিডেন্স পারমিট ও স্টার্টাপ আপ ভিসা। আর স্পেনে এক বছরের নবায়নযোগ্য পোস্ট স্টাডি পারমিট পাওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, আইটি ও পর্যটনের মতো চাহিদাসম্পন্ন খাতে। সব মিলিয়ে মাসিক জীবনযাত্রার খরচ প্রায় ৬৭৫ থেকে ১ হাজার ৪০০ ইউরোর মধ্যে থাকায় এসব দেশ এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য তুলনামূলক কম খরচে উচ্চশিক্ষা ও পড়াশোনা শেষে ক্যারিয়ার গড়ার বিকল্প পথ তৈরি করছে।
logo-1-1740906910.png)