Logo
×

Follow Us

ইউরোপ

স্পন্সর ছাড়াই যুক্তরাজ্যে ‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩৭

স্পন্সর ছাড়াই যুক্তরাজ্যে ‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’

যুক্তরাজ্যে আন্তর্জাতিক গবেষক ও সৃজনশীল পেশাজীবীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’ কাঠামো সম্প্রসারণ করেছে। এর ফলে ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ডিজাইন সংস্থাগুলো এখন থেকে কোনো স্পন্সরশিপ লাইসেন্স বা অতিরিক্ত প্রশাসনিক ফি ছাড়াই বিদেশি পেশাজীবীদের সরাসরি নিয়োগ দিতে পারবে।

নতুন নিয়মে ১০০টিরও বেশি শীর্ষস্থানীয় বাণিজ্যিক গবেষণা সংস্থাকে ভিসার আওতায় আনা হয়েছে। একই সঙ্গে বাণিজ্যিক ডিজাইন খাতের জন্য সম্পূর্ণ নতুন একটি ক্যাটাগরি চালু করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক গবেষক ও ডিজাইনারদের জন্য ন্যূনতম বেতনের বাধ্যবাধকতা, সার্টিফিকেট অব স্পন্সরশিপ ফি এবং ইমিগ্রেশন স্কিলস লেভি পুরোপুরি মওকুফ থাকবে।

আগে ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন (UKRI) অনুমোদিত ফান্ডার রুট কেবল বিশ্ববিদ্যালয় ও সরকারি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন অ্যাস্ট্রাজেনেকা ও জাগুয়ার ল্যান্ড রোভারের মতো বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানও সরাসরি আন্তর্জাতিক গবেষকদের নিয়োগ করতে পারছে।

আর্টস কাউন্সিল ইংল্যান্ডের কাঠামোর আওতায় ডিজাইন বিজনেস অ্যাসোসিয়েশনকে মূল্যায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাফিক, প্রোডাক্ট, ফার্নিচার ও কমার্শিয়াল ইন্টেরিয়র ডিজাইনারদের জন্য যুক্তরাজ্যে কাজের স্বাধীন পথ তৈরি হয়েছে। তবে ইউএক্স ও ইউআই ডিজাইনারদের আবেদন করতে হবে টেক নেশনের ডিজিটাল টেকনোলজি রুটে।

গ্লোবাল ট্যালেন্ট ভিসার সবচেয়ে বড় সুবিধা হলো এটি কোনো একক প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়। আবেদনকারীরা ফুল-টাইম চাকরি, ফ্রিল্যান্সিং কিংবা নিজের ব্যবসা পরিচালনার পূর্ণ স্বাধীনতা পান। অভিজ্ঞদের জন্য ‘এক্সেপশনাল ট্যালেন্ট’ বিভাগে আবেদন করলে মাত্র তিন বছরে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া যায়। আর উদীয়মানদের জন্য ‘এক্সেপশনাল প্রমিজ’ বিভাগে আবেদন করলে পাঁচ বছরে স্থায়ী বসবাসের পথ তৈরি হয়।

এই নীতিগত পরিবর্তনের ফলে বাংলাদেশের গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং সৃজনশীল ডিজাইনারদের জন্য যুক্তরাজ্যে ক্যারিয়ার গড়ার পথ আরো সহজ হয়েছে। অতীতে স্পন্সরশিপের সীমাবদ্ধতার কারণে অনেক প্রতিভাবান বাংলাদেশি যুক্তরাজ্যে যেতে পারতেন না। এখন আন্তর্জাতিক পোর্টফোলিও বা স্বীকৃতি থাকা তরুণদের জন্যও এই ভিসা বড় সুযোগ হয়ে উঠছে।

Logo