ইউরোপের ৪ দেশে বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক করেছে দূতাবাস। রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস।
১৭ আগস্ট প্রকাশিত এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও সেখানে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি ও ভিডিও অনেক সময় আইনি বা অন্যান্য জটিলতার কারণ হতে পারে। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা ও অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কোনো তথ্য বা পোস্ট শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করতে এবং সংশ্লিষ্ট দেশের আইনবিরোধী, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর হিসেবে বিবেচিত হতে পারে— এমন কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ার না করতে আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করছে বলে মনে হতে পারে এমন কনটেন্ট থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিদেশে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি সম্মান দেখানোর পাশাপাশি সংশ্লিষ্ট দেশের সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান জানিয়েছে দূতাবাস।দূতাবাসের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার সম্ভাব্য আইনি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে সহায়তা করবে এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ও বাংলাদেশি নাগরিকদের মর্যাদা সমুন্নত রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
logo-1-1740906910.png)