লিথুয়ানিয়ায় দক্ষ কর্মী নিন, ভিসা অফিস খুলুন: উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৩৯
বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। ১৭ আগস্ট সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিথুয়ানিয়ার নন-রেসিডেন্ট রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিসিয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাতে দুই পক্ষের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক দক্ষ জনশক্তি রয়েছে, যারা লিথুয়ানিয়ার শ্রমবাজারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি লিথুয়ানিয়াকে আহ্বান জানান, বাংলাদেশ থেকে আরো বেশি দক্ষ কর্মী নিয়োগের উদ্যোগ নিতে।
বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করতে ঢাকায় একটি ভিসা সেন্টার স্থাপনের প্রস্তাব দেন হুমায়ুন কবীর। তিনি বলেন, এতে উভয় দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরো সহজ হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে।
উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে লিথুয়ানিয়ার অব্যাহত যোগাযোগ ও সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো গভীর করতে হবে। লিথুয়ানিয়ার রাষ্ট্রদূতও শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানো হলে উভয় দেশই লাভবান হবে।
logo-1-1740906910.png)