Logo
×

Follow Us

ইউরোপ

ইতালিতে স্বজনহারা আহত আমিরকে বাংলাদেশ দূতাবাসের সমবেদনা

মালিক মনজুর, ইতালি

মালিক মনজুর, ইতালি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:৩৪

ইতালিতে স্বজনহারা আহত আমিরকে বাংলাদেশ দূতাবাসের সমবেদনা

ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডে পরিবার হারানো এবং অলৌকিকভাবে বেঁচে যাওয়া গুরুতর আহত তরুণ আমির হোসাইনকে মানবিক বিবেচনায় বিশেষ ব্যবস্থাপনায় দ্রুততম সময়ে নতুন পাসপোর্ট প্রদান করেছে বাংলাদেশ দূতাবাস।

গত ১২ আগস্ট (বুধবার) বাংলাদেশ দূতাবাসে আসেন মরহুম কামাল উদ্দিনের সন্তান আমির হোসাইন। এ সময় ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত তার হাতে নতুন পাসপোর্ট তুলে দেন। একই সাথে রাষ্ট্রদূত তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন এবং মর্মান্তিক এ ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত আমিরকে আশ্বস্ত করে জানান, এই জঘন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস সর্বাত্মক যোগাযোগ ও প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ২৬ জুন রোমের 'ভিয়া মন্তিলিও' (Via Montiglio)-র একটি অ্যাপার্টমেন্টে দুষ্কৃতকারীদের নৃশংস হামলায় আমিরের বাবা, মা ও বোন নির্মমভাবে নিহত হন। ওই হামলায় আমির নিজেও গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

দূতাবাস সূত্রে আরো জানানো হয়েছে, মর্মান্তিক এই ট্র্যাজেডিতে প্রাণ হারানো একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিকের মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও প্রশাসনিক উদ্যোগ ইতোপূর্বে গ্রহণ করা হয়েছে।

Logo