পর্তুগালে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস; প্রবাসীদের উচ্ছ্বাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:২৩
ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে এক সন্ধ্যার জন্য যেন তৈরি হয়েছিল ছোট্ট একটি বাংলাদেশ। রাজধানী লিসবনের একটি মিলনায়তনে ভেসে বেড়িয়েছে বাংলা গানের সুর, দর্শকের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাওয়া হয়েছে প্রিয় গান। সেই আয়োজনে কালজয়ী গানে মুগ্ধ করেছেন নগরবাউল জেমস। আর প্রাণবন্ত উপস্থিতি ও দর্শকদের সঙ্গে আন্তরিক যোগাযোগে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেছেন চিত্রনায়ক জায়েদ খান।
২৬ জুলাই স্থানীয় সময় বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রায় ৬ ঘণ্টা ধরে চলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। লিসবনের লিসোবা আও ভিভো ইনডোর লাইভ মিউজিক ভেন্যুতে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন দুই হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানস্থলে ছিল উপচে পড়া ভিড়। পর্তুগালের বিভিন্ন শহর থেকে পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে যোগ দেন দর্শকরা।
মঞ্চে উঠে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন জেমস। তার গাওয়া কালজয়ী গানগুলোর সঙ্গে কণ্ঠ মেলান হাজারো দর্শক। পুরো মিলনায়তনজুড়ে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। করতালি, উচ্ছ্বাস আর সম্মিলিত কণ্ঠে গান গাওয়ার মধ্য দিয়ে বিদেশের মাটিতে যেন ফিরে আসে বাংলাদেশের আবহ।
অন্যদিকে জায়েদ খান তার প্রাণবন্ত পরিবেশনা, দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং মঞ্চ উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করেন। তাকে ঘিরেও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। অনেকেই কাজ ফেলে শুধু তাকে দেখতে অনুষ্ঠানে যোগ দেন।
দর্শক শহিদ আহমদ প্রিন্স বলেন, “আজ আমার দোকান খোলা রাখার কথা ছিল। কিন্তু সব কাজ বন্ধ রেখে শুধু জায়েদ খানের অনুষ্ঠান দেখতে এখানে এসেছি। আমি তার অনেক বড় ভক্ত। তাকে কাছ থেকে দেখতে পেরে সত্যিই আনন্দিত।”
আরেক প্রবাসী জানান, বিদেশের মাটিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও শেকড়ের সঙ্গে সংযুক্ত থাকতে সহায়তা করে। ভবিষ্যতেও আরো বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা করেন তারা।
আয়োজকদের অন্যতম মোহাম্মদ মাসুম আহমেদ বলেন, “পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের জন্য এমন একটি আয়োজন করতে পেরে আমরা গর্বিত। দেশের জনপ্রিয় শিল্পীদের প্রবাসে এনে আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি হয়েছে। প্রবাসে থেকেও যেন সবাই বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন- এটাই আমাদের মূল লক্ষ্য।”
logo-1-1740906910.png)