ফেসবুকের জনপ্রিয় পেজ ‘সুইজারল্যান্ড প্রবাসী’ সম্প্রতি কপিরাইট স্ট্রাইক ও অ্যাডমিনদের অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়ায় ঝুঁকির মুখে পড়েছে। পেজটি এক পোস্টে জানিয়েছে, “যদি এই পেজটি বন্ধ হয়ে যায়, তবে জানবেন আমরা ভালো আছি। আপনাদের সবার সঙ্গে এই পথচলাটা অনেক সুন্দর ছিল।”
শুধু টেক্সটনির্ভর কনটেন্ট দিয়েই পেজটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রথম দেখায় মনে হতে পারে, বিদেশে থাকা কোনো অহংকারী প্রবাসী দেশকে তুচ্ছ করছে। কিন্তু কমেন্টে বোঝা যায়, আসলে এটি ব্যঙ্গাত্মক লেখা; যেসব প্রবাসী বিদেশে গিয়ে দেশকে ব্যঙ্গ করেন, তাদেরকেই বিদ্রূপ করার জন্য এই পেজের সৃষ্টি।
পেজের চরিত্রগুলো— কামরুজ্জামান, ওসমান গনি, আবুল কালাম, তার মেয়ে শামসুন্নাহার কিংবা গোলাপ মাহবুব; সবই কাল্পনিক হলেও মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। বিশেষ করে কামরুজ্জামান চরিত্রের জনপ্রিয়তা এত বেশি যে তার নামে আলাদা পেজও রয়েছে।
এই চরিত্রগুলোর ভঙ্গি ও আচরণে হুমায়ূন আহমেদের নাটকের চরিত্রদের সঙ্গে দারুণ মিল পাওয়া যায়। যেমন ‘আজ রবিবার’-এর আনিস, বড় চাচা বা মতি মিয়া কিংবা ‘নক্ষত্রের রাত’-এর দুলাভাই; সবাই আমাদের চেনা মানুষদের মতো হলেও তাদের আচরণে থাকে আলাদা ভঙ্গি। দর্শকরা সেই ভঙ্গিতেই মজা পান।
‘সুইজারল্যান্ড প্রবাসী’ চরিত্রগুলোও ঠিক তেমন। তারা আমাদের চারপাশের বাস্তব মানুষদের প্রতিচ্ছবি, তবে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপিত।
পেজের এডমিন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বিদেশে কাজ করার সময় তিনি এমন মালিকের মুখোমুখি হয়েছিলেন, যিনি ঠিক ‘ওসমান গনি’ চরিত্রের মতো আচরণ করতেন। বেতন দিতেন না, অকারণে কঠিন কাজ চাপাতেন। এই অভিজ্ঞতাই চরিত্র সৃষ্টিতে প্রভাব ফেলেছে।
শোষক মালিক, নিপীড়িত কর্মী, নারী বিদ্বেষী কিংবা তুচ্ছতাচ্ছিল্যকারী প্রবাসী; সব চরিত্রই আমাদের সমাজের চেনা ছবি।
পেজের পোস্টগুলোতে রাজনৈতিক ব্যঙ্গও স্পষ্ট। যেমন এক নির্বাচনে দেখা যায়, সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এটি বাংলাদেশের প্রশ্নবিদ্ধ নির্বাচনী ব্যবস্থার ওপর সরাসরি ব্যঙ্গ।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পল্লব হাসান মনে করেন, এই চরিত্রগুলো আসলে প্রবাসীদের সংগ্রাম ও শ্রেণি বৈষম্যের প্রতিচ্ছবি। অন্যদিকে ভক্ত আয়শা আশা বলেন, কামরুজ্জামান চরিত্র তার কাছে সবচেয়ে প্রিয়, কারণ তিনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সমাজের বাধার মুখে পড়েন।
তবে কেউ কেউ মনে করেন, পেজটি মূলত মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণির জন্য। গ্রাম্য সংস্কৃতি বা স্বল্পশিক্ষিত প্রবাসীদের নিয়ে ব্যঙ্গ করায় সবার কাছে এটি সমানভাবে গ্রহণযোগ্য নয়।
logo-1-1740906910.png)