Logo
×

Follow Us

ইউরোপ

উত্তর আয়ারল্যান্ডে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৬:১৯

উত্তর আয়ারল্যান্ডে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান

উত্তর আয়ারল্যান্ডে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। হোম অফিস জানিয়েছে, অবৈধভাবে বসবাসকারীদের “ট্র্যাক ডাউন, আটক, গ্রেপ্তার ও বহিষ্কার” করতে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান বাড়ানো হবে।

সরকারি সূত্র জানায়, গত এক বছরে প্রায় ১ হাজার অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে। লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৬৮২টি অভিযান চালানো হয়েছে, যা কনজারভেটিভ সরকারের শেষ ২১ মাসের তুলনায় ১৬ শতাংশ বেশি। এসব অভিযানে ২ হাজার ২৩৩ জনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে।

হোম অফিস জানিয়েছে, প্রায় ৭০ শতাংশ অভিবাসনবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে অপারেশন গালের মাধ্যমে। এটি একটি গোয়েন্দা তথ্যভিত্তিক উদ্যোগ, যা উত্তর আয়ারল্যান্ডের বিমান ও সমুদ্রবন্দরগুলোতে পরিচালিত হয়। গত বছর এ অভিযানে ৯০০-এর বেশি অভিবাসন অপরাধী শনাক্ত হয়েছে, যারা কমন ট্রাভেল অ্যারিয়া (CTA) নিয়ম ভঙ্গ করছিলেন।

সরকারি তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ধরা পড়া ব্যক্তিরা হলো রোমানিয়ান (৮৩ জন), আলবেনিয়ান (৪৪ জন) এবং আফগান (৩০ জন)।

বর্তমানে উত্তর আয়ারল্যান্ডে সরকারি সহায়তায় থাকা আশ্রয়প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩৭৯ জন, যা আগের তুলনায় কম।

সিটিএ হলো ১৯২২ সাল থেকে চালু একটি ব্যবস্থা, যা যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও ক্রাউন ডিপেনডেন্সিগুলোর (জার্সি, গার্নসি ও আইল অব ম্যান) নাগরিকদের পারস্পরিক ভ্রমণ ও বসবাসের অধিকার দেয়। ব্রিটিশ ও আইরিশ নাগরিকরা পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করতে পারেন। তবে অন্য দেশের নাগরিকদের পাসপোর্ট ও কখনো ভিসা দেখাতে হয়।

সিটিএ সীমান্ত তুলনামূলকভাবে উন্মুক্ত হওয়ায় এটি অভিবাসনের জন্য ঝুঁকিপূর্ণ রুটে পরিণত হয়েছে। এ কারণে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের পুলিশ বাহিনী যৌথভাবে অপারেশন গাল পরিচালনা করছে।

আইরিশ বিচার বিভাগ জানিয়েছে, সিটিএ রক্ষায় উত্তর আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ডের যৌথ দায়িত্ব রয়েছে। তারা বলেছে, “অদৃশ্য সীমান্ত শান্তি প্রক্রিয়ার অন্যতম বড় অর্জন এবং সম্পর্ক স্বাভাবিক রাখতে অপরিহার্য।” মার্চ মাসে অনুষ্ঠিত যুক্তরাজ্য-আয়ারল্যান্ড সম্মেলনে সিদ্ধান্ত হয়, সিটিএ নিরাপদ রাখতে অভিবাসন সংক্রান্ত তথ্য বিনিময় বাড়ানো হবে।

Logo