যুক্তরাজ্যে ভিসার আবেদন প্রত্যাখ্যাত হলে অনেকেই হতাশ হয়ে পড়েন। তবে এটি কোনোভাবেই শেষ নয়। আইন অনুযায়ী আবেদনকারীর সামনে থাকে আপিল, প্রশাসনিক রিভিউ কিংবা নতুন প্রমাণ দিয়ে পুনরায় আবেদন করার সুযোগ।
যদি আপনার ভিসা বা অভিবাসন আবেদন প্রত্যাখ্যাত হয়, তাহলে আপনি First-tier Tribunal (Immigration and Asylum Chamber) এ আপিল করতে পারেন। এটি একটি স্বাধীন ট্রাইব্যুনাল, যেখানে বিচারক উভয় পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত দেন। আপিল করা যায় অনলাইনে অথবা ডাক ও ইমেইলের মাধ্যমে। তবে যারা অভিবাসন আটক কেন্দ্রে বা কারাগারে আছেন, তারা অনলাইনে আপিল করতে পারবেন না।
আপিল করার সুযোগ থাকে যদি
- আশ্রয় বা মানবিক সুরক্ষার দাবি প্রত্যাখ্যাত হয়
- মানবাধিকারভিত্তিক আবেদন বাতিল হয়
- বসবাসের অনুমতি বা নাগরিকত্ব বাতিল হয়
- ইউরোপীয় ইউনিয়নের সেটেলমেন্ট স্কিম বা পারমিট প্রত্যাখ্যাত হয়
- ফ্রন্টিয়ার ওয়ার্কার বা স্বাস্থ্যসেবা ভিসা বাতিল হয়
যদি আপনার আপিল করার অধিকার না থাকে, তাহলে হোম অফিসে Administrative Review চাইতে পারেন। এতে আপনার কেস পুনরায় পরীক্ষা করা হয়। অনেক সময় নতুন প্রমাণ বা নথি জমা দিলে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।
ফ্রন্টিয়ার ওয়ার্কার পারমিট বা S2 হেলথকেয়ার ভিজিটর ভিসা বাতিল হলে নতুন প্রমাণ দিয়ে আবার আবেদন করা যায় এবং এর জন্য কোনো ফি দিতে হয় না।
আপিল বা রিভিউ প্রক্রিয়ায় আইনজীবী বা অভিবাসন পরামর্শকের সাহায্য নেওয়া সবচেয়ে কার্যকর। এছাড়া Citizens Advice থেকেও পরামর্শ পাওয়া যায়। যারা আইনজীবী ছাড়াই নিজের কেস পরিচালনা করতে চান, তাদের জন্য রয়েছে বিশেষ গাইডলাইন।
কিছু ক্ষেত্রে জরুরি আপিলের সুযোগ থাকে। যেমন, যদি আপনার অবস্থান বা নিরাপত্তা ঝুঁকিতে থাকে। এ সময় দ্রুত শুনানির আবেদন করা যায়।
আপিলের শুনানি হলে বিচারক উভয় পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত দেন। সিদ্ধান্ত ডাক বা ইমেইলের মাধ্যমে জানানো হয়। যদি আপিল গ্রহণ করা হয়, তাহলে আপনার ভিসা বা অভিবাসন আবেদন পুনর্বিবেচনা করা হয়।
যদি কোনো প্রশ্ন থাকে, সরাসরি ট্রাইব্যুনালের সঙ্গে যোগাযোগ করা যায়।
ইমেইল: contactia@justice.gov.uk
টেলিফোন: 0300 123 1711 (সোমবার থেকে শুক্রবার, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)
যুক্তরাজ্যে ভিসা রিফিউজ হওয়া মানেই সুযোগ শেষ নয়। আপিল, প্রশাসনিক রিভিউ বা নতুন প্রমাণ দিয়ে পুনরায় আবেদন করার মাধ্যমে আবারো ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে এবং আইনি সহায়তা নিলে ভিসা প্রত্যাখ্যানের সমস্যার সমাধান সম্ভব।
logo-1-1740906910.png)