Logo
×

Follow Us

ইউরোপ

তুরস্কে ট্রাকের ট্যাঙ্কে লুকিয়ে থাকা ৩০ অভিবাসী উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:০০

তুরস্কে ট্রাকের ট্যাঙ্কে লুকিয়ে থাকা ৩০ অভিবাসী উদ্ধার

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিতলিস প্রদেশে একটি ট্রাকের খালি জ্বালানি ট্যাঙ্কের ভেতর লুকিয়ে থাকা ৩০ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। অভিযানে একজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

ইরান সীমান্তের কাছাকাছি এলাকায় একটি ট্যাঙ্কার ট্রাক তল্লাশি চালানোর সময় অভিবাসীদের পাওয়া যায়। তারা ট্রাকটির উপরের হ্যাচ দিয়ে ঢুকে খালি ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে ছিলেন। ৩ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা একে একে তাদের বের করে আনছেন।

পুলিশ জানিয়েছে, মানব পাচার কার্যক্রমের সঙ্গে জড়িত একজন সন্দেহভাজনকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। তবে আটক ব্যক্তির পরিচয় বা উদ্ধার হওয়া অভিবাসীদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।

তুরস্কের ভান অঞ্চলে প্রায়ই ট্রাক ও পণ্যবাহী যানবাহনের ভেতর লুকিয়ে থাকা অভিবাসীদের পাওয়া যায়। আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর বিপুল সংখ্যক আফগান নাগরিক তুরস্কে প্রবেশের চেষ্টা করছেন। এ কারণে সীমান্ত এলাকায় প্রায় ৩৮০ কিলোমিটার দীর্ঘ ও তিন মিটার উঁচু কংক্রিটের দেয়াল নির্মাণ করেছে তুর্কি কর্তৃপক্ষ।

২০২২ সালে হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করে, তুরস্কে প্রবেশের চেষ্টা করা অনেক আফগান নাগরিককে সহিংসভাবে সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়েছে। তাদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের নথিতে জাল স্বাক্ষর বা চাপ প্রয়োগের ঘটনা ঘটেছে। কেউ অস্বীকৃতি জানালে তাদের মারধর ও হাতকড়া পরিয়ে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

২০২৬ সালে ভান প্রদেশে ইরান থেকে আসা বহু শরণার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মুখে পালিয়ে আসা অনেক ইরানি সেখানে আশ্রয় নিয়েছেন। ফরাসি দৈনিক লো মোন্দ জানিয়েছে, ভান দীর্ঘদিন ধরেই ইরানিদের প্রথম আশ্রয়স্থল হিসেবে পরিচিত। ভিসামুক্ত সুবিধার কারণে এই শহরটি ইরানি নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।

তুরস্কে অভিবাসন সংকট দিন দিন জটিল হচ্ছে। সীমান্তে কঠোর নজরদারি, মানব পাচারকারীদের সক্রিয়তা এবং শরণার্থীদের ক্রমবর্ধমান চাপ দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিতলিসে উদ্ধার হওয়া ৩০ অভিবাসীর ঘটনা আবারো প্রমাণ করল, নিরাপদ জীবনের খোঁজে মানুষ কতটা ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে বাধ্য হচ্ছে।

Logo