Logo
×

Follow Us

ইউরোপ

তিন দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করল হাঙ্গেরি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:৫৮

তিন দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করল হাঙ্গেরি

হাঙ্গেরি সরকার ঘোষণা করেছে, ৫ জুন থেকে ফিলিপাইন, জর্জিয়া ও আর্মেনিয়ার নাগরিকদের আর শ্রমিক ভিসা দেওয়া হবে না। দেশটির নতুন প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার নেতৃত্বাধীন টিসা পার্টি ক্ষমতায় আসার পর এটি অভিবাসন নিয়ন্ত্রণে নেওয়া প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সরকারের মুখপাত্র ভান্ডা সজন্ডি জানিয়েছেন, বিদেশি শ্রমিকরা স্থানীয়দের মজুরি কমিয়ে দিচ্ছেন- এমন উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এটি অতিথি শ্রমিকদের প্রবাহ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি সমাধানের প্রথম ধাপ।

আগে ফিলিপাইন, জর্জিয়া ও আর্মেনিয়া থেকে শ্রমিক আনার জন্য মানবসম্পদ কোম্পানিগুলোকে সহজ প্রক্রিয়ায় অনুমতি দেওয়া হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সুবিধা আর থাকবে না। তবে যারা ইতোমধ্যে হাঙ্গেরিতে কাজ করছেন, তারা ভিসা নবায়নের আবেদন করতে পারবেন। জমা দেওয়া আবেদনগুলোও পর্যালোচনা করা হবে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, হাঙ্গেরির মোট শ্রমশক্তির মাত্র ২ শতাংশ বিদেশি শ্রমিক। তবে সেবা ও উৎপাদন খাত বিদেশি শ্রমিকের ওপর অনেকটাই নির্ভরশীল। ফলে হঠাৎ করে ভিসা বন্ধ হয়ে গেলে এসব খাতে চাপ তৈরি হতে পারে।

হাঙ্গেরির বড় বড় বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বলছে, অতিথি শ্রমিকদের প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেলে কোম্পানি ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে উৎপাদন ও সেবা খাতে শ্রমিক সংকট দেখা দিতে পারে।

এই বছরের এপ্রিল মাসে নির্বাচনে জয়ী হয়ে পিটার মাগিয়ার দীর্ঘ ১৬ বছরের ভিক্টর অরবান শাসনের অবসান ঘটান। নতুন সরকার শুরু থেকেই ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা শ্রমিকদের ভিসা সীমিত করার ঘোষণা দিয়েছিল। শুক্রবার থেকে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হলো।

Logo