Logo
×

Follow Us

ইউরোপ

ইতালির স্টুডেন্ট ভিসা সহজ হলো, বাড়ল স্পন্সরের পরিধি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১১:০৩

ইতালির স্টুডেন্ট ভিসা সহজ হলো, বাড়ল স্পন্সরের পরিধি

ইতালিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস। ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল জানিয়েছে, নতুন নিয়মে আবেদন, স্পন্সরশিপ এবং ভাষাগত দক্ষতার বিষয়গুলো আরো স্পষ্ট ও সুনির্দিষ্ট করা হয়েছে।

যেসব শিক্ষার্থী ইতালির বিশ্ববিদ্যালয়গুলোর ইউনিভার্সিটালি পোর্টালে সফলভাবে প্রাক-নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের আলাদা করে ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে না। বিশ্ববিদ্যালয় পোর্টালে ব্যবহৃত ই-মেইল ঠিকানায় ভিএফএস গ্লোবাল সরাসরি যোগাযোগ করবে এবং আবেদন জমা দেওয়ার নির্ধারিত তারিখ ও সময় জানিয়ে দেবে।

আগে কেবল বাবা-মায়ের স্পন্সরশিপ গ্রহণযোগ্য ছিল। এখন থেকে বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুফু, মামা-খালা এবং প্রথম কাজিনরাও শিক্ষার্থীদের স্পন্সর হতে পারবেন। এছাড়া ইতালিতে বৈধভাবে বসবাসরত আত্মীয়রাও আর্থিক গ্যারান্টর হিসেবে গ্রহণযোগ্য হবেন।

স্পন্সরশিপে ছাড় দেওয়া হলেও ভাষাগত দক্ষতার ক্ষেত্রে কঠোরতা আরোপ করা হয়েছে। সাধারণ সার্টিফিকেট আর গ্রহণযোগ্য হবে না। কেবল আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের দেওয়া ভাষার সার্টিফিকেট যেমন আইইএলটিএস বা সিইএলআই গ্রহণ করা হবে। সার্টিফিকেটে শিক্ষার্থীর মৌখিক, লিখিত, শ্রবণ ও কথোপকথনের দক্ষতার বিস্তারিত উল্লেখ থাকতে হবে।

আবেদনপত্রের সঙ্গে অধ্যয়নের সত্যতা প্রমাণ হিসেবে সিআইএমইএ বা ডিক্লেয়ারেশন অব ভ্যালু (ডিওভি) জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

ইতালির বিশ্ববিদ্যালয়ে প্রাক-তালিকাভুক্তির পর স্টুডেন্ট ভিসা আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ অক্টোবর।

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন নির্দেশনার ফলে ভিসা আবেদন প্রক্রিয়া আগের তুলনায় অনেক বেশি গোছানো ও দালালমুক্ত হবে। তবে ভাষা ও প্রয়োজনীয় কাগজপত্রের শর্ত কঠোর হওয়ায় শিক্ষার্থীদের এখন থেকেই ডকুমেন্টেশনের বিষয়ে সতর্ক হতে হবে।

Logo