Logo
×

Follow Us

ইউরোপ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কড়াকড়ি করছে ফিনল্যান্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ১২:৩৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কড়াকড়ি করছে ফিনল্যান্ড

ফিনল্যান্ডে পড়াশোনা করতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আসছে নতুন কড়াকড়ি। দেশটির অর্থনীতি ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি অভিবাসন সংস্কার প্রস্তাবের খসড়া প্রকাশ করেছে। এতে ভাষাগত যোগ্যতা, আর্থিক সক্ষমতা এবং পরিবার পুনর্মিলনের নিয়মে কঠোর শর্ত যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

প্রস্তাবের ওপর মতামত গ্রহণ চলবে আগামী ২৯ জুন পর্যন্ত। চলতি অধিবেশনেই বিলটি পার্লামেন্টে উপস্থাপন করা হবে। অনুমোদিত হলে ২০২৭ সাল থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা একই সময়ে বসবাসের অনুমতির আবেদন করতে পারেন। কিন্তু নতুন প্রস্তাবে বলা হয়েছে, শিক্ষার্থীকে অন্তত এক বছর ফিনল্যান্ডে বসবাস করার পরই পরিবারের সদস্যরা আবাসনের অনুমতির আবেদন করতে পারবেন। এতে পরিবার পুনর্মিলনের প্রক্রিয়া আরো দীর্ঘ হবে।

শিক্ষার্থীদের জন্য ন্যূনতম আয়ের শর্ত আইন ও সরকারি অধ্যাদেশের মাধ্যমে নির্ধারণের পরিকল্পনা করছে সরকার। আগে এ সংক্রান্ত নির্দেশনা দিত অভিবাসন কর্তৃপক্ষ। সরকারের ভাষ্য, অনেক শিক্ষার্থী পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি ছাড়াই ফিনল্যান্ডে গিয়ে সমস্যায় পড়ছেন। বিদেশি শিক্ষা এজেন্টদের বিভ্রান্তিকর তথ্য ও মধ্যস্থতাকারীদের কাছে ঋণগ্রস্ত হওয়ার ঘটনাও বাড়ছে।

নতুন প্রস্তাবে শিক্ষার্থীদের ফিনল্যান্ডে প্রবেশের আগেই ভাষাগত দক্ষতা প্রমাণের বাধ্যবাধকতা রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক শিক্ষার্থী পর্যাপ্ত ইংরেজি বা শিক্ষার ভাষাজ্ঞান ছাড়া ফিনল্যান্ডে পৌঁছান, ফলে তাদের পড়াশোনা সম্পন্ন করতে সমস্যা হয়। নির্ধারিত ভাষাগত যোগ্যতা পূরণে ব্যর্থ হলে শিক্ষার্থীদের স্টাডি রেসিডেন্স পারমিট আবেদন বাতিল হতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ফিনল্যান্ড সরকার ধাপে ধাপে অভিবাসন ও স্থায়ী বসবাসসংক্রান্ত নীতিমালা কঠোর করছে। স্থায়ী আবাসন ও নাগরিকত্ব পাওয়ার নিয়মও আগের তুলনায় কঠিন করা হয়েছে। নতুন প্রস্তাব কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফিনল্যান্ডে পড়াশোনা ও বসবাস আরো চ্যালেঞ্জিং হয়ে উঠবে।

Logo