Logo
×

Follow Us

ইউরোপ

ইতালি থেকে বছরে শতকোটি ইউরো পাঠাচ্ছেন বাংলাদেশিরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১১:০২

ইতালি থেকে বছরে শতকোটি ইউরো পাঠাচ্ছেন বাংলাদেশিরা

ইতালি থেকে নিজ দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানো কমিউনিটির তালিকায় শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশিরা। দেশটির রাজধানী রোমে বসবাসরত বাংলাদেশিরা ২০২৫ সালে প্রায় ৩৬৫ মিলিয়ন ইউরো দেশে পাঠিয়েছেন, যা অন্যান্য অভিবাসী কমিউনিটির তুলনায় সবচেয়ে বেশি। ইতালির কেন্দ্রীয় ব্যাংক ও ফাউন্ডেশন লিওনে মোয়ারেসার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ইতালিতে বসবাসরত অভিবাসীরা নিজ দেশে মোট ৮ দশমিক ৬ বিলিয়ন ইউরো রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ইউরো এসেছে শুধু রোম শহর থেকেই, যা মোট রেমিট্যান্সের প্রায় ১০ শতাংশ। বর্তমানে রোমে প্রায় ৪ লাখ বিদেশি নাগরিক বসবাস করছেন। এর মধ্যে এশীয় নাগরিকের সংখ্যা প্রায় ১ লাখ ৪২ হাজার। তবে সবচেয়ে সক্রিয় ব্যবসায়ী কমিউনিটি হিসেবে উঠে এসেছে বাংলাদেশিরা।

রোমে বসবাসরত বাংলাদেশিরা মূলত মিনিমার্কেট, ফলের দোকান, সার্ভিস এজেন্সি, কাপড় ও জুতার ব্যবসাসহ বিভিন্ন খাতে কাজ করছেন। এছাড়া অনেকে দর্জি, মুচি, কেয়ারগিভার ও গৃহসেবার পেশায় যুক্ত। তাদের ব্যবসায়িক সফলতা ও অর্থনৈতিক অবস্থান শক্তিশালী হওয়ায় রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। ২০২৪ সালের তুলনায় বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৮ শতাংশ।

বাংলাদেশিদের পর সবচেয়ে বেশি অর্থ পাঠিয়েছে ফিলিপাইন কমিউনিটি। তারা দেশে পাঠিয়েছে প্রায় ১৬৬ মিলিয়ন ইউরো। এরপর রয়েছে ভারতীয় কমিউনিটি, যাদের পাঠানো অর্থের পরিমাণ ১০২ মিলিয়ন ইউরো।

গবেষকদের মতে, প্রবাসীরা পরিবারের শিক্ষা, চিকিৎসা ও মৌলিক চাহিদা পূরণে নিজেদের আয়ের বড় অংশ দেশে পাঠিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে তারা উপার্জনের ৮০ শতাংশেরও বেশি রেমিট্যান্স হিসেবে পাঠান। ফলে তারা যে শহরে বসবাস ও কাজ করেন, সেখানে তাদের ব্যক্তিগত ব্যয় তুলনামূলকভাবে কম থাকে।

Logo